গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেছেন, আমি দুর্নীতি করি না, দুর্নীতি প্রশ্রয় দেই না। তাই অনেকেই আমার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। দুর্নীতিবাজরা কোনো অবস্থাতেই সিটি করপোরেশনে প্রবেশ করতে পারবে না। আমি সরকারি কোনো সুযোগ-সুবিধা ভোগ করি না, এমনকি আমার বেতন ভাতাদিও গ্রহণ করি না। গতকাল বুধবার দুপুরে নগর ভবনের হলরুমে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নগরীর প্রতিটি পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ, মহানগর পূজা উদ্যাপন কমিটির সভাপতি অরুণ কুমার সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের মহানগর কমিটির সভাপতি জীবন কুমার মল্লিক প্রমুখ।
পরে মেয়র সিটি করপোরেশনের পক্ষ থেকে মহানগরীর ১৪৪টি পূজামণ্ডপে ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করেন।
