চাকসু নির্বাচনের দাবিতে ছাত্রলীগের গণস্বাক্ষর

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৪

২৮ বছর ধরে বন্ধ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন (চাকসু)। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তরিগরি ও আয়োজন দেখে এবার আলোচনায় নিয়ে এসেছে চাকসু নির্বাচন। 

নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের সহমত পোষণকল্পে গণস্বাক্ষরের আয়োজন করে চবি শাখা ছাত্রলীগের একাংশ। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে এই আয়োজন করে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী পাঁচটি গ্রুপ 'ভিএক্স, একাকার, আরএস, এফিটাপ এবং বাংলার মুখ' পক্ষের নেতাকর্মীরা। 

এসময় সাধারণ শিক্ষার্থীদের ‘নেশা মুক্ত ক্যাম্পাস গড়তে চাকসু নির্বাচন প্রয়োজন’ ছাত্রদের অধিকার প্রতিষ্ঠায় চাকসু নির্বাচন দরকার ‘চাকসু এখন সময়ের দাবি’ এসব মতামত সাদা কাপড়ে লিখে চাকসু নির্বাচনের পক্ষে সমর্থন দিতে দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ও বাংলার মুখের নেতা আমির সোহেল বলেন, ‘আমরা চাই ডাকসু নির্বাচনের পাশাপাশি অনতি বিলম্বে চাকসু নির্বাচনও দেওয়া হোক। সাধারণ শিক্ষার্থীদের দাবি দাওয়া উত্থাপনের জন্য ছাত্র প্রতিনিধির প্রয়োজনীয়তা অনেক বেশি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য চাকসুর বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে চাকসু নির্বাচনের পক্ষে গণস্বাক্ষর কর্মসূচি হাতে নিয়েছি। এতে শতশত শিক্ষার্থী অংশগ্রহণ করে চাকসু নির্বাচনের পক্ষে সহমত পোষণ করেছে।’

আরও পড়ুন: প্রতিমাসে একশো মার্কিন সেনার আত্মহত্যা!

আগামী দিনে চবি প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদানসহ বেশকিছু কর্মসূচি গ্রহণ করার উদ্যোগ নিয়েছি।

ইত্তেফাক/কেকে