একজনের নতুন বিয়ে হয়েছিল। সে শ্বশুরবাড়ি যায়, আর কিছুতেই আসতে চায় না; বাড়ির সব কাজকাম ফেলে শ্বশুরবাড়ি গিয়ে বসে থাকে। শ্বশুরবাড়ির লোকেরাও মহা বিরক্ত। একি জ্বালা! কিছু বলাও যায় না!
একদিন সেই জামাইবাবু পায়খানায় বসে পায়খানার দেয়ালের গায় খড়ি দিয়ে লিখেছেন—
‘শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি।’
তাঁর শ্যালক এই লেখা দেখে তার নিচে লিখে রাখল, ‘দিন-দুই-চারি।’
পরদিন জামাইবাবু ঐ লেখা দেখলেন; দেখে তিনি তার নিচে আবার লিখলেন—‘তার পরে কী?’
পরদিন দেখেন তার নিচে আবার লেখা রয়েছে, ‘ঝাঁটার বাড়ি।’
সেইদিনই তিনি শ্বশুরবাড়ি ত্যাগ করলেন, আর তেমন ঘনঘন যেতেন না এবং গেলেও বেশিদিন থাকতেন না।
সূত্র :হাসির গল্প/শেখ হবিবর রহমান
০
