ময়মনসিংহে দুর্গাপূজায় পদ্মের চাহিদা মেটায় বড়বিলা বিল

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২১:১৯

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা 

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বড়বিলা বিল দেশের বৃহত্তম বদ্ধ জলাভূমি। বদ্ধ এ জলাভূমিতে প্রাকৃতিকভাবে জন্মে পদ্ম ফুল। পদ্ম ও শাপলা সারা বছর পাওয়া যায় ৩২৬ একর জলাভূমিতে। দুর্গাপূজায় ময়মনসিংহ, টাঙ্গাইল ও ঢাকায় যায় এ বিলের পদ্ম ফুল। প্রতিটি পূজায় ১০৮টি পদ্ম ফুলের অত্যাবশ্যকীয়তায় পূজায় চাহিদা বেড়ে যায় পদ্ম ফুলের। বিল পাড়ের মানুষ পদ্মফুল তুলে বাড়তি আয় করে থাকেন।

৩২৬ একর বড়বিলায় প্রাকৃতিকভাবে জন্মায় পদ্ম ফুল। সৌন্দর্যের আকর্ষণে পদ্মবিলে সারা বছর ছুটে আসে দর্শনার্থীরা। দুর্গাপূজায় প্রতিটি মন্দিরে ১০৮টি পদ্ম ফুল অত্যাবশ্যকীয়তায় হিন্দুধর্মাবলম্বীরা পদ্ম ফুল সংগ্রহ করতে বিল পাড়ে ভিড় করেন। বিলপাড়ের মানুষ বিল থেকে পদ্ম ফুল তুলে বাড়তি আয় করে থাকেন।

সরেজমিন শুক্রবার পরিদর্শন করে দেখা গেছে, ছোট ছোট ডিঙি নৌকায় পদ্ম ফুল সংগ্রহ করছেন বিলপাড়ের মানুষ। এই দলে রয়েছেন কিশোর- কিশোরীরাও। বিল পাড়ের আ. রাজ্জাক (৮০) জানান, প্রতি বছর দুর্গাপূজায় বড়বিলা থেকে পদ্ম ফুল সংগ্রহ করতে ময়মনসিংহ ও টাঙ্গাইল থেকে হিন্দু ধর্মাবলম্বীরা বিলপাড়ে ভিড় করেন। দুর্গাপূজায় বিলপাড়ের মানুষ পদ্মফুল তুলে ঢাকাতেও বিক্রি করে থাকেন। ১৫ দিন ধরে বিল থেকে ফুল তোলা শুরু হয়েছে।

টাঙ্গাইলের ঘাটাইল থেকে পূজার জন্য পদ্ম সংগ্রহ করতে আসা বিষ্ণুপদ সাহা জানান, দুর্গাপূজার প্রতিটি মণ্ডপে দরকার হয় ১০৮ টি পদ্ম ফুলের। স্থানীয়ভাবে পদ্মফুল সংগ্রহ করতে না পেরে সিএনজি নিয়ে পদ্মফুল নিতে এসেছি। বিভিন্ন স্থান থেকে সকাল থেকে এ পর্যন্ত শতাধিক মানুষ পদ্মফুল সংগ্রহ করে নিয়ে গেছেন।

স্থানীয় পদ্ম ফুল সংগ্রহকারী রাজন জানান, পূজায় বিল থেকে প্রচুর মানুষ পদ্মফুল কিনে নিয়ে যায়। আমরা পদ্ম ফুল বিল থেকে সংগ্রহ করে বাড়িতে রেখে দেই। বাড়ি থেকেও তারা কিনে নিয়ে যান। আকাশ চন্দ্র দাস ও পালন চন্দ্র দাস নামের দুই কিশোর জানান, তাদের বাড়ি বিল পাড়ে নিকটবর্তী আনুহাদী গ্রামে। বাড়িতে পূজা মণ্ডপের জন্য আরো আগেই পদ্ম ফুল সংগ্রহ করা হয়েছে। এক আত্মীয় পদ্ম ফুল সংগ্রহ করার জন্য বলেছেন। নিজেরাই বিল থেকে ১০৮টি পদ্ম সংগ্রহ করেছে।

ফুলবাড়ীয়া উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি শ্রী শ্যামল রতন দে জানান,  ময়মনসিংহে ৭৪৭ মণ্ডপে পূজার আয়োজন চলছে। প্রতিটি মণ্ডপে ১০৮টি পদ্ম ফুল অত্যাবশ্যকীয়। দুর্গাপূজা শুরু হলে বড়বিলা বিল থেকে ময়মনসিংহ, টাঙ্গাইল ও ঢাকায় পদ্ম ফুল বেচাকেনা হয়।