চাটমোহর (পাবনা) সংবাদদাতা
প্রশাসনের অভিযানে একাধিকবার উচ্ছেদ করার পরও পাবনার চাটমোহরে বানার বাঁধ দিয়ে সোঁতিজাল স্থাপন করে বিল ও নদী দখল করে মাছ নিধন অব্যাহতভাবে চলছে। উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের ডেফলচড়া ও পাকপাড়া এলাকায় বাঁশ পুঁতে বেড়া দিয়ে সোঁতিজাল স্থাপন করা হয়েছে। বিল ও নদী দখল করে ছোট-বড় মাছের সঙ্গে কাঁকড়া, শামুক, ঝিনুক ও কীটপতঙ্গ নিধন করা হচ্ছে। এতে চাটমোহরসহ চলনবিলের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, আমরা সোঁতিজালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। একাধিবার জাল উচ্ছেদ করা হয়েছে। এগুলো আবারও কাটা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম জানান, ইতিপূর্বে সোঁতিজাল অপসারণ করা হয়েছে। আবারও অবৈধ সোঁতিজাল অপসারণে অভিযান চালানো হবে।
