সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২১:২৬

প্লাস্টিক বস্তা ও পলিথিনে সয়লাব বরগুনার বাজার

বরগুনা (উত্তর) প্রতিনিধি বরগুনা জেলা ও উপজেলা শহরের বাজারগুলো নিষিদ্ধ প্লাস্টিক বস্তা ও পলিথিন ব্যাগে সয়লাব হয়ে গেছে। আইনগতভাবে নিষিদ্ধ হলেও একশ্রেণির পরিবেশ অসচেতন অসাধু ব্যবসায়ী নানা কৌশলে এ প্লাস্টিকের বস্তা ও পলিথিন ব্যাগ বিক্রি করছে। বরগুনার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, পলিথিনের ব্যবহার যেমন পরিবেশের ক্ষতি করে তেমনি মানবদেহেরও ক্ষতি করে। পলিথিনের মধ্যে খাবার রাখা হলে সে খাবারে বিষক্রিয়া হতে পারে।

ভাটিয়াপাড়ার অর্ধশত দোকান নদীতে বিলীন

কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা মধুমতী নদীর তীব্র ভাঙনে কাশিয়ানীর ভাটিয়াপাড়া বাজারের অর্ধশত দোকান বিলীন হয়ে গেছে। শুক্রবার ভোররাতে উপজেলার ভাটিয়াপাড়া বাজারে নদীভাঙনের এ ঘটনা ঘটেছে। কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথিন্দ্রনাথ রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভাটিয়াপাড়া বাজারের ব্যবসায়ী জিয়াউর রহমান জানান, আমার দোকানঘরে থাকা প্রায় ১০০ মণ পাট, ৭০ মণ খেসারি এবং ৫০ মণ বাদাম ছিল যা নদীতে ভেসে গেছে। আমি সর্বস্বান্ত হয়ে গেছি। এভাবে প্রতিটি দোকানঘরে থাকা মালামাল নদীতে বিলীন হয়ে গেছে। কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথিন্দ্রনাথ রায় জানান, ভাঙনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়েছি এবং ভাঙন ঠেকানোর জন্য বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে।

দুর্গাপূজা উদ্যাপনে প্রস্তুতি সভা

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বৃহস্পতিবার প্রস্তুতি সভা ও মণ্ডপে মণ্ডপে অনুদান বিতরণ করা হয়েছে। উপজেলার আটটি ইউনিয়নে এবার ৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত সভা ও সরকারি অনুদানের ডিও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো। আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম প্রমুখ।

শুরু হচ্ছে কাশিমনগর-মানিকতলা সড়ক উন্নয়ন কাজ

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা শিগিগরই শুরু হচ্ছে পাইকগাছার কপিলমুনির কাশিমনগর-মানিকতলা বিসি সড়ক উন্নয়নের কাজ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে আইআরআইডিপি প্রকল্প-৩-এর আওতায় এ কাজ করা হবে। এলজিইডি পাইকগাছার উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, প্রথম ধাপে সড়কের কাশিমনগর আমজেদের দোকান-রামনগর-ইয়াকুব এবং রাধা সাধুর বাড়ি পর্যন্ত চেইনেজ ১০০০-৩০০০ মিটার অংশটুকু বাস্তবায়ন হচ্ছে। খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের এমপি আক্তারুজ্জামান বাবু এ উন্নয়ন কাজ উদ্বোধন করবেন। শুক্রবার সড়কটি পরিদর্শনে আসেন এলজিইডির পাইকগাছা উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন।

মুলাদীতে হানাদারমুক্ত দিবস পালিত

মুলাদী (বরিশাল) সংবাদদাতা মুলাদীতে হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে র্যালি, আলোচনাসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা কার্যালয়ে আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর মোহাম্মদ হোসাইনী। ১৯৭১ সালের ৮ অক্টোবর মুলাদী উপজেলা হানাদার মুক্ত করেন বীর মুক্তিযোদ্ধারা।

বকশীগঞ্জে নারীর লাশ উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা বকশীগঞ্জে শুক্রবার সকালে এক বিধবা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ছামিরন বেওয়া (৫৫)। বকশীগঞ্জ থানার এসআই চন্দন জানান, ছামিরন বেওয়ার পুরো শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এক বা একাধিক ব্যক্তি ছামিরনকে কুপিয়ে হত্যা করেছে। নিহতের ভাই ভাই ফুল বক্স মিয়া জানান, জমিসংক্রান্ত ঘটনার জের ধরে ছামিরনকে হত্যা করা হয়েছে। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। আসামি গ্রেফতারের প্রক্রিয়া চলমান আছে।

 

 

০