৩৩ শিল্পীর চিত্রকর্ম নিয়ে বিশেষ প্রদর্শনী

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২২:১৩

১৭ বছরে পা রাখল গ্যালারি কায়া। দেশের শিল্পচর্চাকে শিল্পরসিকদের সামনে তুলে ধরার যে প্রয়াস শুরু হয়েছিল; সময়ের সঙ্গে সঙ্গে সেই গ্যালারি দেশের শিল্পযাত্রায় নিজের স্বতন্ত্র অবস্থান করে নিয়েছে। যাত্রা শুরুর দিন ছিল ২০০৪ সালের ২৮ মে। ১৬ বছর পেরিয়ে এসেছে। উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ২০ নম্বর বাড়িতে নিরিবিলি পরিবেশে নিত্যনতুন প্রদর্শনীর আয়োজন করে আসছে গ্যালারি কায়া। সময়ের প্রবাহমানতায় ঢাকা-উত্তরের এই গ্যালারিটি ইতিমধ্যেই হয়ে উঠেছে শিল্পপ্রেমী আর শিল্পবোদ্ধাদের পছন্দের গন্তব্যস্থল।

প্রতিষ্ঠার ১৭ বছরে পদার্পণ উদ্যাপন উপলক্ষ্যে কায়ায় শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের সমকালীন ৩৩ জন শিল্পীর চিত্রকর্ম নিয়ে বিশেষ যৌথ প্রদর্শনী। কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই গতকাল শুরু হয়েছে যৌথ প্রদর্শনী। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন এডিএন গ্রুপের চেয়ারম্যান আসিফ মাহমুদ, শিল্পী হামিদুজ্জামান খান, মোহাম্মদ ইউনুসসহ তরুণ শিল্পীরা। কায়ার পরিচালক গৌতম চক্রবর্তী নিজে শিল্পী। তার বাবা প্রয়াত শিল্পী দেবদাস চক্রবর্তী দেশের স্বনামধন্য শিল্পীদের এক জন। শিল্পী পরিবারের সদস্য হিসেবেই গৌতম শুরু করেছিলেন এই গ্যালারির। তিনি বললেন, ১৭ বছর আগে যখন শুরু করি তখন জানতাম না কতদিন এটা চালাতে পারব। এই বছরগুলোতে অনেক কাজ করেছি। অনেক স্বপ্ন ছিল যা করতে পারিনি। আগামীতে নিশ্চয়ই সেসব স্বপ্ন পূরণ করা সম্ভব হবে।

প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পীরা হলেন—আব্দুস শাকুর শাহ, আহমেদ শামসুদ্দোহা, আলপ্তগীন তুষার, আমিনুল ইসলাম, আনিসুজ্জামান, আশরাফুল হাসান, চন্দ্র ভট্টাচার্য, চন্দ্র শেখর দে, দেবদাস চক্রবর্তী, ফরিদা জামান, হামিদুজ্জামান খান, হাশেম খান, জামাল আহমেদ, কনক চাঁপা চাকমা, কাজী রাকিব, কে এম এ কাইয়ুম, মাসুদা কাজী, এম এফ হুসেন, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ ইকবাল, মুর্তজা বশীর, নগরবাসী বর্মণ, রফিকুন নবী, রণজিত্ দাস, রুহুল আমিন তারেক, সমরজিত্ রায় চৌধুরী, শাহাবুদ্দিন আহমেদ, শাহানুর মামুন, শেখ আফজাল হোসেন, শিশির ভট্টাচার্য, সোহাগ পারভেজ ও ওয়াকিলুর রহমান। প্রদর্শনী চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খোলা থাকবে।