মুন্সীগঞ্জে ছয় ছিনতাইকারী গ্রেফতার চার অটোরিকশা উদ্ধার

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২২:১৫

মুন্সীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই চক্রের ছয় সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিনের নেতৃত্বে পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সিরাজদিখানের কেয়াইন ইউনিয়নের  চালতিপাড়া সেতুর পশ্চিম পাশে সার্ভিস রোড এলাকা থেকে ছিনতাইকারী চক্রের প্রথমে চার সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে—কেরানীগঞ্জের মোস্তফার পুত্র রাজন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কালীগঞ্জ এলাকার মৃত জালাল চৌধুরী পুত্র বাপ্পী চৌধুরী, পটুয়াখালীর লালকুটি ইউপির সিরামপুর গ্রামের সেলিম মিয়ার পুত্র সবুজ ও ঢাকার দোহার থানার কাজীরচর গ্রামের আবুল কাশেমের পুত্র সোহেল। গ্রেফতারের সময় ছিনতাই কাজে ব্যবহূত একটি রামদা, একটি সাধারণ দা ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়।

আটককৃতদের দেওয়া তথ্য মতে, পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ঢাকার হাজারীবাগ থানার ঝাউচর বাজারের চৌরাস্তা থেকে ঢাকার লালবাগ থানার ইসলামবাগের জাকির হোসেনের পুত্র ছিনতাই চক্রের সদস্য কাশেমকে গ্রেফতার করে। ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কদমতলী এলাকা থেকে গ্রেফতার করা হয় রমজান হোসেন নামে আরেক জনকে। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর থানার সুন্দীরবন গ্রামে। তাদের দেওয়া তথ্য মতে, ছিনতাই করা চারটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের মধ্যে বাপ্পি চৌধুরীর বিরুদ্ধে শ্রীনগর থানায় দ্রুত বিচার আইনে আরো একটি মামলা রয়েছে।

সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে বিভিন্ন সময়ে ছিনতাই হওয়া চারটি ব্যাটারিচালিত অটোরিকশা  উদ্ধার করা হয়।