লখিমপুর খেরিতে গাড়িচাপায় কৃষক হত্যা মামলায় উত্তর প্রদেশ সরকারের কড়া সমালোচনা করেছে ভারতের সুপ্রিম কোর্ট। গতকাল শুক্রবার মামলার দ্বিতীয় শুনানির দিন প্রধান বিচারপতি এন ভি রমনা বলেন, ‘উত্তর প্রদেশ সরকার যেভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে, তাতে আমরা একেবারেই সন্তুষ্ট নই। গুলিতে আহত হওয়ার ঘটনাসহ সামগ্রিক অভিযোগ অত্যন্ত গুরুতর। প্রধান বিচারপতি আরো বলেন, কী বার্তা দিচ্ছেন আপনারা? স্বাভাবিক সময়ে পুলিশ কি দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে না? মনে হচ্ছে, শুধু কথাই হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি।’
উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে আইনজীবী হরিশ সালভে আদালতকে জানিয়েছেন, শনিবার (আজ) সকাল ১১টায় আশিস মিশ্রকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। তিনি না এলে, আইনি ব্যবস্থা নেওয়ার রাস্তা খোলা। তবে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পুলিশ গতকাল শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রকে হাজির হতে সমন জারি করেছিল। কিন্তু তিনি হাজির হননি।
এদিকে অজয় মিশ্র জানিয়েছেন, তার ছেলে শারীরিক অসুস্থতার কারণে শুক্রবার হাজির হতে পারেননি। শনিবার তিনি হাজির হবেন। আশিস মিশ্র গ্রেফতার এড়াতে নেপালে পালিয়ে গেছেন এমন খবর নাকচ করে তিনি বলেন, আমার ছেলে নির্দোষ। বিজেপি সরকারের অধীনে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে। জড়িতদের শাস্তি হবে।
প্রসঙ্গত, গত রবিবার লখিমপুর খেরিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র এবং রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে সমবেত হয়েছিলেন কৃষকরা। সেখানেই একটি গাড়িবহর কৃষকদের চাপা দেয়। এফআইআরে কৃষকদের অভিযোগ, অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র তিনটি গাড়ির একটি চালাচ্ছিলেন। এ ঘটনার পর সহিংসতায় চার জন নিহত হন। এ ঘটনা নিয়ে উত্তাল ভারতের রাজনীতি। ঘটনার পর পাঁচ দিন পার হলেও আটক করা হয়নি আশিস মিশ্রকে।
