বিমানবন্দর রেল স্টেশনে ২২ লক্ষাধিক টাকার বৈদেশিক মুদ্রাসহ এক জন আটক

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০০:১৭

রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে আল আমিন (৩২) নামে এক যুবককে বৈদেশিক মুদ্রাসহ আটক করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। সৌদি রিয়াল, ইউএস ডলারসহ বেশ কয়েকটি দেশের বৈদেশিক মুদ্রাসহ তাকে আটক করা হয়। জব্দ করা বৈদেশিক মুদ্রার মান বাংলাদেশি টাকায় ২২ লাখ ৪২ হাজার টাকা। গতকাল শুক্রবার বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আলী আকবরের নেতৃত্বে (এএসআই) বৈদেশিক মুদ্রাসহ আল-আমিনকে আটক করা হয়।

এসআই আলী আকবর জানান, বেলা ১টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেন বিমানবন্দর রেল স্টেশনে এসে থামে। সেই ট্রেনের যাত্রী ছিল আল আমিন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে তল্লাশি করে বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। মুদ্রাগুলোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি আল আমিন।  তার বাড়ি ব্রাহ্মণবাড়িqvi বাসুদেব এলাকায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।