ভারতের সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার নিয়ন্ত্রণ হাতে পাচ্ছে দেশটির অন্যতম শিল্প গ্রুপ টাটা। গতকাল শুক্রবার ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের জন্য টাটা সন্সের জমা দেওয়া ১৮ হাজার কোটি রূপির দরপত্রটি গৃহিত হয়েছে। এর ফলে ৬৮ বছর পরে ফের এয়ার ইন্ডিয়ার মালিকানা পাচ্ছে টাটারা।
এর ফলে এয়ার ইন্ডিয়ার কম খরচের ফ্লাইট সেবা ‘এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস’-এর ১০০ শতাংশ মালিকানা পাবে রতন টাটার সংস্থা। পাশাপাশি, এয়ার ইন্ডিয়ার বিমানবন্দর পরিষেবা সংক্রান্ত সংস্থা ‘এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস’-এর ৫০ শতাংশ অংশীদারিও হাতে আসবে টাটার। রতন টাটা এয়ার ইন্ডিয়ার নিয়ন্ত্রণ পাওয়ার কথা টুইট বার্তায় জানিয়েছেন। তিনি লিখেছেন, প্রত্যাবর্তন স্বাগত এয়ার ইন্ডিয়া। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, সংস্থার অন্যান্য সম্পত্তির মধ্যে রয়েছে মুম্বাইয়ের এয়ার ইন্ডিয়া বিল্ডিং এবং দিল্লির এয়ারলাইন্স হাউস। বার্ষিক ২০ কোটি টাকা ক্ষতিতে চলা এয়ার ইন্ডিয়ার অংশীদারি বিক্রি করে এককালীন ২ হাজার ৭০০ টাকা রূপি নগদ পাবে কেন্দ্রীয় সরকার।
