আজ পহেলা ফাল্গুন। বসন্তের আগমন উপলক্ষে টিভি চ্যানেলগুলোও সেজেছে নানা আয়োজনে—
দেবী:প্রথমবারের মতো টেলিভিশনের পর্দায় আসছে বহুল আলোচিত ও দর্শকনন্দিত সিনেমা ‘দেবী’। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ছবিটি। সরকারি অনুদান পাওয়া ছবিটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। প্রযোজনা করেছেন অভিনেত্রী জয়া আহসান। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। আরো অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া, ইরেশ যাকের, অনিমেষ আইচ প্রমুখ। আজ যারা দেখতে পারবেন না তাদেরও নিরাশ হওয়ার কারণ নেই। আগামীকাল ভালোবাসা দিবসেও একই সময়ে ছবিটি প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।
একটি জরুরি কথা ছিল:সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নাটকটি প্রচার হবে বাংলাভিশনে। জায়েদ জুলহাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মানসুর আলম নির্ঝর। নাটকটিতে অভিনয় করেছেন সাবিলা নূর, ইরফান সাজ্জাদ প্রমুখ।
কিছুটা সময়: এসএ টেলিভিশনে আজ রাত ৯টায় প্রচার হবে মানসুর আলম নির্ঝরের পরিচালনা এবং জোভান, তিশা অভিনীত বিশেষ নাটক ‘কিছুটা সময়’।
আনএক্সপেক্টেড স্টোরি; তোমার আমার: বাংলাভিশনে আজ নাটকটি প্রচার হবে রাত ৮টা ১৫ মিনিটে। শাহরিয়ার তাসদিকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। নাটকটিতে অভিনয় করেছেন নিশো, মেহজাবীন প্রমুখ।
সুপারহিট বাবুল মিডিয়া:নাটকটি প্রচার হবে বাংলাভিশনে রাত ৯টা ২০ মিনিটে। শাহজাহান সৌরভের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত্ মাহমুদ। নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, স্নিগ্ধা মোমিন, আব্দুলাহ রানা প্রমুখ।
মিউজিক ক্লাব:পহেলা ফাল্গুন উপলক্ষে বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট মিউজিক ক্লাব-এর বিশেষ আয়োজনে অতিথি তিন তারকা দম্পতি। তারা হলেন কবির বকুল-দিনাত জাহান মুন্নী, এসআই টুটুল-তানিয়া আহমেদ ও বাপ্পা মজুমদার- তানিয়া হোসাইন দম্পতি। অনুষ্ঠানটি প্রচার হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন নাহিদ আহমেদ বিপ্লব।
