নায়িকা আছে নায়ক নেই!

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৯

g বিনোদন রিপোর্ট

 

বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ১৫ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটি মুক্তি দিতে যাচ্ছে ‘রাত্রির যাত্রী’। পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। দেশের জেলা শহরগুলোতে ছবিটির মুক্তি উপলক্ষে প্রচার-প্রচারণা চলছে। একযোগে সারাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে।

রাত্রির যাত্রী চলমান গত্বাঁধা চলচ্চিত্রের ভিড়ে দর্শকদের একটি নতুন স্বাদ দেবে। জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী ও আনিসুর রহমান মিলন জুটির এ সিনেমাতে মৌসুমীকে নতুনরূপে দেখতে পাবেন দর্শকরা। নতুন এক মাত্রা যোগ হতে যাচ্ছে এ ছবিতে। ছবিতে নায়িকা আছেন কিন্তু নায়ক নেই। তবু প্রেম আছে, সে প্রেমে ভাঙনের গল্পও আছে। অবশ্য ছবিটির মূল কাহিনি অসম প্রেম বিচ্ছেদের শিকার এক নারীর শহর ভ্রমণের তিক্ততা এবং বৈচিত্র্যময় অভিজ্ঞতা নিয়ে। এখানে গল্পে মূল চরিত্র মৌসুমীকে দেখা যাবে ফাতেমা পারভিন ময়নার নাম ভূমিকায়। একটি মেয়ের জার্নির নানা বৈচিত্র্যময় গল্প ফুটে উঠবে নতুন জুটির এ সিনেমাটিতে। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লি.।

এ ছবিতে আরো অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, সালাহউদ্দিন লাভলু, শহিদুল আলম সাচ্চু, সম্রাট, মারজুক রাসেল, সোনিয়া হোসাইন, শিমুল খান, অরুণা বিশ্বাস, রেবেকা পারভীন, নায়লা নাঈম, সাদিয়া আফরিন, জিয়া তালুকদার, আনান জামান, তানিয়া ইসলাম রিতু প্রমুখ। ছবিটির একটি আইটেম গানে দেখা যাবে সময়ের আলোচিত মডেল ও আইটেম কন্যা নায়লা নাঈমকে। মুশফিক লিটনের সুর-সঙ্গীতে ‘আমি সুন্দরী নারী’ শিরোনামের এই আইটেম গানে কণ্ঠ দিয়েছেন রুবাইয়াত জাহান।