g বিনোদন রিপোর্ট
৭ দেশের ১০ শিল্পীর প্রতিবাদী শিল্পকর্ম নিয়ে পুরান ঢাকার লালবাগে গত ৮ ফেব্রুয়ারি শুরু হয়েছে সপ্তাহব্যাপী চিত্রপ্রদর্শনী ‘ডিস্টোপিয়া’। এ্যাপিফানিয়া ভিজ্যুয়ালস আয়োজিত ‘আর্টিভিস্ট ডিসেম্বর-২০১৮’ শীর্ষক প্রদর্শনীর দ্বিতীয় পর্ব এটি। আন্তর্জাতিক মানবাধিকার দিবস ও এ্যাপিফানিয়ার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে এই প্রদর্শনী।
ইন্টারন্যাশনাল আর্টিভিজম প্যারেড বাংলাদেশের ব্যানারে আয়োজিত এ আন্তর্জাতিক প্রদর্শনীর দ্বিতীয় পর্বের কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন শিল্পী এবং শিল্প সমালোচক জাফরিন গুলশান। তার সঙ্গে সহকারী হিসেবে রয়েছেন শিল্পী শেখ ফয়জুর রহমান।
বিশ্ব রাজনীতির স্বরূপ এবং বাস্তবতা নিয়ে আয়োজিত এই প্রদর্শনীর শিল্পীরা হলেন অনুপম দেবাশীষ (বাংলাদেশ), আলজান্দ্রো মিগাল ট্রিলেভা সালাস (ভেনেজুয়েলা), আলেকজান্দ্রা হলওয়ানিয়া (পোল্যাণ্ড), আরবার্টো কোর্টারিয়া (চিলি), বার্তালোম ফেরান্দো (স্পেন), কোডিও ব্রেইয়ার (আর্জেন্টিনা), ফেনিয়া কোেসাপোলাও (গ্রিস), শেখ ফয়জুর রহমান (বাংলাদেশ), শাওন বর্ষা (বাংলাদেশ), ইরেনে পৌলিয়াসি (গ্রিস)।
সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক ইস্যু, অসাম্প্রদায়িকতা, জেন্ডার ক্রাইসিস, বাংলাদেশের এলজিবিটি মুভমেন্ট, পরকিয়া, সাইবার ক্রাইম, মিথ ও সাহিত্যনির্ভর চলচ্চিত্র, সেক্স ওয়ার্কার এ্যাপিফানিয়ার কাজের অন্যতম বিষয়।
উল্লেখ্য, আর্টিভিস্ট ডিসেম্বর-২০১৮ আয়োজেনের দ্বিতীয় পর্ব ডিস্টোপিয়া চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। সময় প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা।
