পদ্মা ব্যাংকের সংকট
ইত্তেফাক রিপোর্ট
বেসরকারি পদ্মা ব্যাংক লিমিটেড রাষ্ট্রমালিকানাধীন কোনো ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার পরিবর্তে বরং বিদেশ থেকে বিনিয়োগ এনে মূলধন ঘাটতি পূরণ করতে পারে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে গত মঙ্গলবার এমন মতামতের কথা জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রাষ্ট্রমালিকানাধীন সোনালী, জনতা, অগ্রণী, রূপালী বা বিডিবিএলের সঙ্গে একীভূত হওয়ার বিষয়ে পদ্মা ব্যাংক গত ৮ জুলাই অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে আবেদন করে। ভবিষ্যতে যে কোনো বিপর্যয়ের হাত থেকে সুরক্ষা পাওয়ার জন্য একীভূত হওয়া দরকার বলে ব্যাংকটি চিঠিতে উল্লেখ করেছে। এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ২৫ আগস্ট বাংলাদেশ ব্যাংকের কাছে মতামত চেয়ে চিঠি পাঠায়। পরে কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার তাদের মতামত দিয়েছে।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, পদ্মা ব্যাংক যে প্রস্তাব দিয়েছে তা ব্যাংক কোম্পানি আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এজন্য তা রক্ষারও সুযোগ নেই। আমরা আমাদের মতামত জানিয়ে দিয়েছি যে বিদেশ থেকে বিনিয়োগ আনাই ভালো হবে। পদ্মা ব্যাংক এখন সে পথে এগোতে পারে।
