মোদীকে ফের আক্রমণ রাহুলের
রাফাল দুর্নীতিতে এতদিন মোদীকে ‘চৌকিদার’ ‘চোর’ বলে উল্লেখ করতেন কংগ্রেস সভাপতি রাহুল। এবার তাঁকে ‘আম্বানীদের দালাল’ বলে কটাক্ষ করলেন। সোমবার নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করে তিনি বলেন, রাফাল দুর্নীতি কোন সাধারণ দুর্নীতি নয় বরং দেশদ্রোহের সমান।
সোমবার দিল্লিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাহুল গান্ধী। সেখানে একটি ই-মেইল তুলে ধরেন তিনি। কংগ্রেস নেতা কপিল সিবলও পরে টুইটারে সেটি আপলোড করেন। বিমান নির্মাণ সংস্থা এয়ারবাসের এক আধিকারিকের ই-মেইল আইডি থেকে ২০১৫ সালের ১৮ মার্চ চিঠিটি লেখা হয়েছিল। তাতে ওই আধিকারিক লেখেন, এক সহযোগী মারফত ফরাসি প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে অনিল আম্বানীর গোপন সাক্ষাতের কথা জানতে পেরেছেন তিনি। বাণিজ্যিক এবং প্রতিরক্ষা বিমান নির্মাণে কাজ করতে ইচ্ছুক বলে জানিয়েছেন আম্বানী। খুব শিঘ্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স সফরে আসবেন। তখন দুই দেশের মধ্যে সেই সংক্রান্ত একটি এমওইউ স্বাক্ষরিত হবে। তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বলে জানান আম্বানী।
২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফরের দুই সপ্তাহ আগে তত্কালীন ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী জঁইভস লে দ্রিয়ানের প্যারিস দপ্তরে হাজির হন অনিল আম্বানী। জঁইভস লে দ্রিয়ানের উপদেষ্টা জঁ ক্লঁ মলেতও হাজির ছিলেন সেখানে। বৈঠকে হাজির ছিলেন প্রাক্তন ফরাসি প্রতিরক্ষা মন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা ক্রিস্তফ সলোমন, প্রযুক্তিগত উপদেষ্টা জিওফ্রে বুকোতও। একরকম তাড়াহুড়া করেই বৈঠকের আয়োজন হয়েছিল বলে পরবর্তীকালে এয়ারবাস সংস্থার এক আধিকারিককে জানান সলোমন। সেই প্রেক্ষিতেই ই-মেইলটি লেখা হয়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে সম্প্রতি বিষয়টি সামনে এসেছে। তাই নিয়েই ফের ঝাঁপিয়ে পড়েছে কংগ্রেস। ওই চিঠিকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেন রাহুল গান্ধী। তিনি বলেন, ‘‘গোপনীয়তা রক্ষার শপথ নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। জাতীয় নিরাপত্তা নিয়ে কোন রকম আপস করা চলেই না তাঁর। কিন্তু সে সবের ধার ধারেননি তিনি। বরং এমওইউ স্বাক্ষর হওয়ার আগেই প্রতিরক্ষা চুক্তির গোপন তথ্য অনিল আম্বানীর হাতে তুলে দিয়েছেন। রাফাল চুক্তিতে প্রধানমন্ত্রী আম্বানীদের দালালের ভূমিকা পালন করেছেন। গুপ্তচররা এই ধরনের আচরণ করে। দেশের প্রতিরক্ষা মন্ত্রী, পররাষ্ট্র সচিব জানলেন না অথচ চুক্তির খুঁটিনাটি জেনে গেলেন অনিল আম্বানী। প্রধানমন্ত্রীকে এর জবাব দিতেই হবে।’’ আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় এলে রাফাল দুর্নীতির তদন্ত হবে এবং কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান রাহুল।
