গাজীপুর প্রতিনিধি
আগামীকাল থেকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। এ বছর গাজীপুর সিটি করপোরেশনসহ জেলার পাঁচ উপজেলায় ৪০৬টি পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে। এসব পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। এখন চলছে প্রতিমার রংতুলির শেষ পর্যায়ের আঁচড়। কারিগররা রংতুলির আঁচড়ে মূর্ত করে তুলছেন দশভুজা দেবী দুর্গাসহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা। দেবী দুর্গাকে বরণ করতে জেলার সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলছে শেষ প্রস্তুতি। জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট সুদীপ কুমার চক্রবর্তী জানান, এ বছর গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ১০৪টি, সদর উপজেলায় ২২টি, কালীগঞ্জে ৪৮টি, কাপাসিয়ায় ৫৮টি ও কালিয়াকৈরে ১২২টি পূজামণ্ডপ রয়েছে।
গাজীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিটি পূজামণ্ডপে সরকারের পক্ষ থেকে ৫০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হবে। গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, নগরীর প্রতিটি পূজামণ্ডপে ৩০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। পুলিশ সুপার এস এম সফিউল্লাহ জানান, বিভিন্ন উপজেলায় স্থাপিত পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা বিধানে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশের পাশাপাশি থাকবে আনসার, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবী সদস্যরা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান জানান, প্রতিটি পূজামণ্ডপে এবার অধিক নজরদারি রাখা হবে। গাজীপুর মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অরুণ কুমার সাহা জানান, করোনা মহামারির কারণে এ বছর সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে পাঁচ দিনব্যাপী শারদীয় উত্সব পালন করা হবে।
