দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের পদ্মার পানি কমে গিয়ে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে গত কয়েক দিন ধরে দৌলতদিয়া ঘাটে যানজট লেগেই আছে। গতকাল শনিবার সকাল থেকে ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ ভবন পর্যন্ত দীর্ঘ তিন কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। অন্যদিকে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় হতে রাজবাড়ীর দিকে কল্যাণপুর বাজার পর্যন্ত তিন কিলোমিটার সড়কে আরো ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক নদী পারাপারের অপেক্ষায় রয়েছে।
গতকাল বেলা ১টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা যায়, মহাসড়কের তিন কিলোমিটার লম্বা লাইনে ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ রয়েছে, এরমধ্যে কিছু দূরপাল্লার যাত্রীবাহী পরিবহনও দেখা গেছে। অন্যদিকে গোয়ালন্দ মোড় হতে রাজবাড়ীর দিকে কল্যাণপুর বাজার পর্যন্ত ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়ছে চালকসহ সাধারণ যাত্রীরা। ২৪ ঘণ্টা অপেক্ষা করেও অনেক ট্রাকচালক দেখা পাচ্ছেন না ফেরির। ঘাটসংশ্লিষ্টরা জানান, ফেরি চলাচলের চ্যানেলের মধ্যে ডুবোচরের সৃষ্টি হয়েছে। এতে করে ফেরি চলাচলে স্বাভাবিকের তুলনায় সময় লাগছে বেশি। এই নৌরুটের বেশির ভাগ ফেরি অনেক দিনের পুরোনো হওয়ায় মাঝেমধ্যেই বিকল হয়ে পড়ে। এতে করে ফেরি সংকট দেখা দেয়। সেই সঙ্গে বাংলাবাজার ও শিমুলিয়া ঘাটের অনেক গাড়িও এই দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট দিয়ে পার হচ্ছে। যেসব কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন বলেন, শিমুলিয়া কাঁঠালবাড়ী নৌরুটের বাড়তি যানবাহনের চাপ থাকায় ঘাট এলাকায় যানবাহনের লম্বা সারি তৈরি হচ্ছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৯টি ফেরি চলছে। দৌলতদিয়া প্রান্তে সাতটি ঘাট থাকলেও বর্তমানে চারটি ঘাট দিয়ে ফেরিতে গাড়ি ওঠা-নামা করছে। যানজট কমাতে আমরা চেষ্টা করে যাচ্ছি।
