করোনা পরবর্তী পরিস্থিতি উত্তরণে জলবায়ু সহনশীল পুনঃরুদ্ধার পরিকল্পনা জরুরি :স্পিকার

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ২২:৫১

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতি উত্তরণে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত, জলবায়ু সহনশীল এবং টেকসই উন্নয়নমূলক পদক্ষেপের দিকে মনোনিবেশ করেছে। অন্তর্ভুক্তিমূলক ও উচ্চাকাঙ্ক্ষাী পরিকল্পনা ব্যতিত অর্থনীতির এ পুনরুদ্ধার সম্ভব নয়। করোনা মহামারী পরবর্তী সময়ে অপরিকল্পিত বিনিয়োগ ও পদক্ষেপ চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত্ত করে পরিবেশের অবনতি এবং জলবায়ুর ক্ষতি ঘটাতে পারে। এজন্য করোনা পরবর্তী পরিস্থিতিতে পরিবেশ ও জলবায়ু সহনশীল পুনরুদ্ধার পরিকল্পনা প্রণয়ন জরুরি।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এবং ইতালির সংসদের যৌথ উদ্যোগে ইতালির রোমে আয়োজিত ‘প্রি-কপ২৬ পার্লামেন্টারি মিটিং’ শীর্ষক আলোচনা সভার          ‘গ্রীন এপ্রোচেস টু কোভিড-১৯ রিকভারি’ সেশনে স্পিকার একথা বলেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সভায় বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের সদস্য সংসদের হুইপ ইকবালুর রহিম, দীপংকর তালুকদার এমপি ও জাফর আলম এমপিও অংশ নেন।