বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কার্ল রবার্ট মিরার বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মেরুদণ্ড কৃষক। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ উন্নয়নে এক সাথে কাজ করছে।
মঙ্গলবার ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গৌরিনাথপুর গ্রামে যুক্তরাষ্ট্রের পাইয়োনিয়ার পি ৩৩৫৫ জাতের হাইব্রিড বীজে চাষকৃত ভুট্টাক্ষেত পরিদর্শনে এসে কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রদূত এসব কথা বলেন। তিনি আরো বলেন, কৃষি কাজ কঠিন, কিন্তু গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে আমার বাবা-মা কৃষি কাজ করেন। এতে আমি গর্ববোধ করি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ আরো উন্নত হোক। বিশেষ করে কৃষি ক্ষেত্রে। এ লক্ষ্যে ক্রমাগত সহায়তা দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ সুপার মো. হাসানুজ্জামান উপস্থিত ছিলেন।
পাইয়োনিয়ার ভুট্টা বীজ মার্কেটিং করছে পেট্রোকেম (বাংলাদেশ) নামে একটি প্রতিষ্ঠান। সার্বিক সহায়তা করছে ইউএস এআইডি, এফই ও এসিডিআই-ভোকা। নতুন এ হাইব্রিড ভুট্টা চাষে ১৪০-১৫০ দিন সময় লাগে। ঠিকমত পরিচর্যা করলে হেক্টর প্রতি ১০ থেকে ১২ টন ফলন পাওয়া যায়।
