মিঠাপুকুরে বউ শাশুড়ি মেলা!

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২২

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

বউ-শাশুড়ির টানাপোড়েন অবস্থা পাল্টে দিয়ে একে অপরের প্রতি নিবিড় সেতুবন্ধন তৈরির লক্ষ্যে মিঠাপুকুরে সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে বউ-শাশুড়ি মেলা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং ল্যাম্ব বর্ণ অন টাইম প্রকল্পের সহায়তায় এর আয়োজন করা হয়।

মিলনপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মিলনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম চৌধুরী। ইউপি সচিব সাগর চন্দ্র বর্মনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু মলয় মণ্ডল ও ল্যাম্ব বর্ণ অন টাইম প্রকল্পের প্রজেক্ট টেকনিক্যাল কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা।

ল্যাম্ব বর্ণ অন টাইম প্রকল্পের প্রজেক্ট টেকনিক্যাল কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা জানান, পারিবারিক ঐতিহ্য বউ ও শাশুড়িদের মধ্যে নিবিড় সেতুবন্ধন তৈরি করতে আমাদের এ প্রকল্প। এ প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।