ইত্তেফাক ডেস্ক
ভারতের উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যার ঘটনায় কঠোর আন্দোলনে নামার হুমকি দিয়েছে কৃষকরা। তারা বলেছেন, অবিলম্বে কৃষক হত্যার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র ও তার ছেলে আশিষ মিশ্রকে গ্রেফতার করা না হলে ধারাবাহিকভাবে আন্দোলন হবে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারতের কৃষক ইউনিয়নগুলোর জোট সংযুক্ত কিষাণ মোর্চা দাবি পূরণ না হলে কড়া আন্দোলন হবে। গতকাল এক সাংবাদিক সম্মেলনে কৃষক নেতারা বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে। একই সঙ্গে ষড়যন্ত্র হত্যার দায়ে আটক করতে হবে। এছাড়া তার ছেলেকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ তিকায়েত বলেন, লখিমপুরে কৃষক হত্যা পরিকল্পিত ষড়যন্ত্র। ১১ অক্টোবরের মধ্যে দাবি পূরণ না হলে আন্দোলন শুরু হবে।
এদিকে গতকাল শনিবার পুলিশের কাছে হাজিরা দিয়েছেন প্রতিমন্ত্রী আজয় মিশ্রর ছেলে আশিষ মিশ্র। আশিষ মিশ্রর আইনজীবী অবধেশ কুমার এর আগে সাংবাদিকদের বলেছিলেন, আমরা পুলিশের নোটিশকে সম্মান করি এবং তদন্তে সহযোগিতা করব। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের নতুন তিন কৃষি আইনের প্রতিবাদে রবিবার উত্তাল হয়ে ওঠে উত্তর প্রদেশের লখিমপুর। উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যর কর্মসূচির প্রতিবাদে সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা। অভিযোগ, সেসময় আন্দোলনরত কৃষকদের ওপর গাড়ি চালিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিষ মিশ্র। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই কৃষকের। পরে হাসপাতালে মৃত্যু হয় আরো বেশ কয়েক জনের। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কৃষকরা, শুরু হয় সংঘাত। এ ঘটনায় মোট আট জনের মৃত্যু হয়েছে।
