করোনাভাইরাসের সতর্কতা হিসেবে এবার মূল ১৫ সদস্যের দলের বাইরে কয়েকজন বাড়তি ক্রিকেটার নিয়ে আইসিসি টি-২০ বিশ্বকাপ খেলতে গেছে অংশগ্রহণকারী দেশগুলো। বাংলাদেশও চূড়ান্ত দলের বাইরে স্ট্যান্ডবাই হিসেবে রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লবকে নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিল। কিন্তু ওমানে ক্যাম্পের পর্ব শেষে লেগ স্পিনার বিপ্লবকে দেশে ফেরাতে পাঠানো হচ্ছে। তবে স্ট্যান্ডবাই হিসেবে পেসার রুবেল থেকে যাচ্ছেন বিশ্বকাপ দলের সঙ্গে।
গতকাল শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি। স্ট্যান্ডবাই তালিকা থেকে বাদ দেওয়া হলো বিপ্লবকে। ওমান থেকেই তাই দেশে ফিরবেন এ তরুণ ক্রিকেটার। পেসারদের ইনজুরি প্রবণতার কথা বিবেচনা করেই রুবেল থাকবেন দলের সঙ্গে। মূল দলের বাইরে অতিরিক্ত ক্রিকেটার হিসেবেই বিবেচিত হবেন তিনি।
গতকাল রাতে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছেন, ‘বিপ্লব দেশে ফিরে আসবে। রুবেল দলের সঙ্গে থেকে যাবে। কোনো ক্রিকেটার ইনজুরিতে পড়লে যেন দ্রুত বদলি পাওয়া যায়। কারণ ওখানে কোয়ারেন্টাইনের বিষয় রয়েছে।’
এদিকে আজ ওমান থেকে চার্টার্ড ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। একই ফ্লাইটে টাইগারদের সঙ্গে থাকবে শ্রীলঙ্কা ও ওমান দল। আবুধাবিতে বিশ্বকাপের প্রথম রাউন্ডের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ১২ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
আবুধাবিতে আজই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আছে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের।
