বৈঠকে বসছে কংগ্রেস ওয়ার্কি কমিটি, সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ০০:২৫

শেষ পর্যন্ত ‘বিক্ষুব্ধ’ নেতাদের দাবি মেনে স্থায়ী সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে পারে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। গতকাল শনিবার এআইসিসির সাধারণ সম্পাদক কে সি বেনুগোপালের এক টুইট বার্তায় তার ইঙ্গিত মিলেছে। বেনুগোপাল টুইটে লিখেছেন, আগামী ১৬ অক্টোবর সকাল ১০টায় নয়াদিল্লির ২৪ আকবর রোডে এআইসিসির সদর দপ্তরে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হবে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আগামী বছর বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন এবং সাংগঠনিক নির্বাচন নিয়ে ঐ বৈঠকে আলোচনা হবে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, দলের সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটির বৈঠকে এআইসিসির পূর্ণাঙ্গ অধিবেশন ডেকে সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, এক বছর আগে কংগ্রেসে ‘নেতৃত্বের অভাব এবং সাংগঠনিক সমস্যা’ তুলে ধরে অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি পাঠিয়েছিলেন ২৩ জন প্রথম সারির প্রবীণ ও নবীন নেতা (গ্রুপ-২৩ বা জি-২৩ নামে তারা পরিচিত)। দাবি তুলেছিলেন, দলে স্থায়ী সভাপতি নির্বাচনের। কিন্তু তা পূরণ হয়নি এখনো।

আবারও ঝাড়ু হাতে প্রিয়াঙ্কা গান্ধী

এবার উত্তর প্রদেশের রাজধানী লখনৌতে দলিত সম্প্রদায়ের সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। শুক্রবার দলিতদের সঙ্গে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতার কাজে অংশ নেন তিনি। এনডিটিভির খবরে বলা হয়েছে, সম্প্রতি উত্তর প্রদেশে কৃষক হত্যার ঘটনায় শোকাহত পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে একটি গেস্ট হাউজে রাখা হয়। ঐ গেস্ট হাউজে প্রিয়াঙ্কার ঘর ঝাড়ু দেওয়ার একটি ভিডিও প্রকাশ হয়। এ নিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রিয়াঙ্কাকে কটাক্ষ করে বলেছিলেন, জনগণ তাদের এ ধরনের কাজের উপযোগী মনে করে।

দলিত সম্প্রদায়ের এলাকায় ঝাড়ু নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে নেমে তার জবাব দিয়েছেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, এ কাজ আত্মমর্যাদার প্রতীক। যোগী আদিত্যনাথ শুধু আমাকে অপমান করেননি; পরিচ্ছন্নতার কাজে জড়িত কোটি দলিত ভাইবোনকেও অপমান করেছেন।