সৌদি বিমানবন্দরে ড্রোন হামলায় তিন বাংলাদেশিসহ আহত ১০

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ০০:২৮

সৌদি আরবের জাযানে কিং আবদুল্লাহ বিমানবন্দরে অন্তত দুটি ড্রোন হামলায় তিন জন বাংলাদেশিসহ ১০ জন আহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর জাযানে অবস্থিত এই বিমানবন্দরে প্রথম ড্রোন হামলাটি হয় শুক্রবার সন্ধ্যায়। হামলায় বিমানবন্দরের জানালা ভেঙে যায়। শনিবারের ভোরের দিকে বিস্ফোরকবাহী আরেকটি ড্রোনকে চিহ্নিত করা হয় এবং নিষ্ক্রিয় করা হয়।

জোটের একজন মুখপাত্রের বরাত দিয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, প্রথম হামলাতে তিন জন বাংলাদেশি, ছয় জন সৌদি নাগরিক এবং এক জন সুদানের নাগরিক আহত হন। বিমানবন্দরের সামনের জানালা ভেঙে গেছে ঐ হামলায়। তবে কিং আবদুল্লাহ বিমানবন্দরে কার্যক্রম এখন স্বাভাবিক আছে। খবরে বলা হয়েছে, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি নিয়মিত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে হুতি গ্রুপের কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

সৌদি নেতৃত্বাধীন সামরিক এই জোট ২০১৫ সাল থেকে ইয়েমেনে তত্কালীন প্রেসিডেন্ট আব্দরাবুহ মানসুর হাদির সমর্থনে ইরানের সমর্থনপুষ্ট হুতি গ্রুপের বিরুদ্ধে লড়াই করে আসছে। জাযান এলাকাটি ইয়েমেন সীমান্তের কাছে।

এদিকে বার্তা সংস্থা এএফপি বলেছে, শুক্রবারের হামলায় পাঁচ জন আহত হয়েছে। ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে লড়াইরত হুতিরা সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বেশ কিছু হামলা চালিয়েছে। গত ৩১ আগস্ট একই বিমানবন্দরে আরো একটি ড্রোন হামলা হয়, যেখানে আট জন আহত হয় এবং একটি বেসামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়। উল্লেখ্য, দেশটিতে বহুসংখ্যক বাংলাদেশি অভিবাসী শ্রমিক রয়েছেন, যাদের অনেকেই বিমানবন্দরগুলোতে নানা কাজে নিয়োজিত।