শহিদ জেহাদ দিবস আজ

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ০০:৩১

আজ শহিদ জেহাদ দিবস। ১৯৯০ সালের ১০ অক্টোবর স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে রাজধানীর পল্টনে পুলিশের গুলিতে শহিদ হন নাজির উদ্দিন জেহাদ। দিবসটি উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে আজ রবিবার সকাল ৯টায় রাজধানীর দৈনিক বাংলা মোড়স্থ শহিদ জেহাদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। শহিদ জেহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এক বাণীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমার দৃঢ় বিশ্বাস, শহিদ জেহাদের আত্মদান বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে সব গণতান্ত্রিক শক্তিকে কঠিন সংগ্রামে উদ্বুদ্ধ করবে।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নবগ্রামে জন্ম জেহাদের। নব্বইয়ের আন্দোলনের সময় জেহাদ স্থানীয় সরকারি আকবর আলী কলেজে বিএ শেষ বর্ষের ছাত্র ছিলেন। তিনি ছাত্রদলের কলেজ শাখার সভাপতি ও উপজেলা শাখার সহসভাপতি নির্বাচিত হন। নব্বইয়ের ১০ অক্টোবর বিএনপিসহ সাত দলীয় জোট রাজধানীর পল্টনে মহাসমাবেশের ডাক দিলে ছাত্রনেতা জেহাদ নিজ এলাকা থেকে ৬০ জন ছাত্র নিয়ে যোগ দেন সমাবেশে। এ কর্মসূচিতে পুলিশ নির্বিচারে গুলি করলে জেহাদ গুলিবিদ্ধ হন। পরে মারা যান।