‘আফগানিস্তানের সঙ্গে সুসম্পর্ক সবার জন্যই ভালো’

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১০:৪৭

আফগানিস্তানের সঙ্গে সুসম্পর্ক সবার জন্যই ভালো বলে মন্তব্য করেছেন দেশটির তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী। শনিবার (৯ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে প্রথম দিনের বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে আফগানিস্তানের বর্তমান শাসন ব্যবস্থাকে অস্থিতিশীল না করার জন্য যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে তালেবান। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে মার্কিন সমর্থিত সরকারকে সরিয়ে দীর্ঘ ২০ বছর পর নিজেদের ক্ষমতা পুন-প্রতিষ্ঠার চেষ্টা করছে গোষ্ঠীটি।

আফগান রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাখতার'কে আমির খান মুত্তাকী বলেন, আমরা স্পষ্টভাবে তাদের বলে দিয়েছি যে, আফগানিস্তানে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা কারও জন্যই ভালো নয়।

আফগানিস্তানের সঙ্গে সুসম্পর্ক সবার জন্যই ভালো। দেশে বিদ্যমান সরকারকে দুর্বল করার জন্য এমন কিছু করা উচিত নয়, যা সাধারণ মানুষের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। যোগ করেন তিনি।

তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন প্রতিনিধিরা সিদ্ধান্ত নিয়েছে যে, করোনা মোকাবিলায় টিকা প্রয়োগে তারা আমাদের সহযোগিতা করবে। পাশাপাশি মানবিক সহায়তাও দেবে।

ইত্তেফাক/টিএ