মেহেরপুর প্রতিনিধি
উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ প্রার্থীরা এখন সরগরম। গণসংযোগ, মোটরসাইকেল শোডাউন, মিছিল, মিটিংসহ বিভিন্নভাবে জানান দিচ্ছেন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার কথা। পেশীশক্তি ও দুর্বৃত্তায়নমুক্ত নেতাকে উপজেলায় চেয়ারম্যান প্রার্থী করার সুপারিশ করা হয়েছে জেলা আওয়ামী লীগ থেকে। একইসঙ্গে প্রার্থীদের মানুষের কাছে গ্রহণযোগ্য, জনপ্রিয়তা, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন এমন পরিচ্ছন্ন প্রার্থীকে মনোনয়ন দেয়ার সুপারিশ করা হয়েছে। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ছয়জন, মুজিবনগর উপজেলায় চারজন মনোনয়ন প্রত্যাশায় আবেদন জমা দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহানউদ্দিন আহমেদ চুন্নু, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, সাবেক সাংসদ জয়নাল আবেদীনের ছেলে তানভির আহমেদ খান রানা, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম এবং পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা রেহেনা খাতুন।
মুজিবনগরের সম্ভাব্য প্রার্থীরা হলেন: উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক ও মাহজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাদু।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল বলেন, কেন্দ্রের নির্দেশে উপজেলা চেয়ারম্যান মনোনয়নের জন্য তিনজনের নাম জেলা সভাপতির মাধ্যমে পাঠানো হয়েছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন জানান, মানুষের কাছে গ্রহণযোগ্য, জনপ্রিয়, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন এমন পরিচ্ছন্ন রাজনীতিককে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ার জন্য বোর্ডের কাছে সুপারিশ করা হয়েছে। তিনি জানান, মেহেরপুর জেলা আওয়ামী লীগে কোনো পেশীশক্তির রাজনীতি থাকবে না। এখানে দুর্বৃত্তের স্থান হবে না। কেন্দ্রের নির্দেশে প্রতিটি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে সমন্বয় করে একাধিক প্রার্থীর তালিকা পাঠানো হয়েছে।
