স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া শহরের মাটিডালি থেকে রংপুর মহাসড়কের ঐতিহাসিক মহাস্থানগড় পর্যন্ত সিএনজিচালিত অটো রিকশা চলাচলের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বগুড়া জেলা সিএনজিচালিত অটোরিকশা, মিশুক, বেবিটেক্সি মালিক সমিতির উদ্যোগে এই স্মারকলিপি প্রদান করা হয়। মঙ্গলবার শহরের দত্তবাড়ি থেকে সহস্রাধিক মালিক, চালক ও শ্রমিকেরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করতে যায়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সভায় সংগঠনের সভাপতি মোঃ একরামুল করিম মিঠু বলেন, বগুড়া পৌরসভার মাটিডালি বিমান মোড় থেকে নওদাপাড়া পর্যন্ত দুই কিলোমিটার সড়ক আইনের আওতামুক্ত। নওদাপাড়া থেকে সার্কের সাংস্কৃতিক রাজধানী ঐতিহাসিক মহাস্থানগড় তিন কিলোমিটার।
এই সড়কটি বগুড়া-রংপুর মহাসড়কের অংশ হওয়ায় সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষ মহাস্থানগড় বেড়াতে এসে সমস্যায় পড়ছেন। বগুড়া শহর থেকে সেখানে যেতে হলে সিএনজি অটোরিকশায় যেতে হবে। তাছাড়া এই সড়কেই অবস্থিত দেশের বৃহত্ উন্নয়ন সংগঠন টিএমএসএস। এখানে মেডিক্যাল কলেজ, হাসপাতাল, ইউনিভার্সিটি, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজসহ প্রায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান। মহাস্থানে রয়েছে পীর আউলিয়ার মাজার, মহাস্থান যাদুঘর, বেহুলার বাসরঘরসহ বিভিন্ন স্থাপনা। তিনি বলেন, এসব কারণে মাটিডালি থেকে মহাস্থানগড় পর্যন্ত সিএনজি চলাচলের অনুমতি দিলে সাধারণ মানুষই উপকৃত হবে না, হবে শত শত শ্রমিকও উপকৃত হবে।
এ সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন শাহীন, প্রচার সম্পাদক গোপাল সাহা প্রমুখ। পরে জেলা প্রশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক রায়হানা ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
