বিভিন্ন স্থানে মনোনয়নপত্র জমা দিলেন যাঁরা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৬

উপজেলা পরিষদ নির্বাচন

ইত্তেফাক ডেস্ক

উপজেলা নির্বাচনের প্রথম ধাপে দেশের বিভিন্ন স্থানে গত সোমবার প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীসহ বিভিন্ন দলের প্রার্থীরা উপজেলা নির্বাচনে অংশগ্রহণের জন্য তাদের মনোনয়নপত্র জমা দেন। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর

জয়পুরহাট:উপজেলা নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে সোমবার চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩১ জন ও সংরক্ষিত আসনের জন্য মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জামালপুর:পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্যায়ে জামালপুরের সাতটি উপজেলায় চেয়ারম্যান পদে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী এই ৩ উপজেলায় ১ জন করে প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে ওই ৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হবেন। এ ছাড়া অবশিষ্ট ৪ উপজেলায় ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র জামা দেওয়ার খবর পাওয়া গেছে। জেলার ৭ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৪০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত ১১ ফেব্রুয়ারি সোমবার সহকারী রিটার্নিং ও জেলা রিটার্নিং কর্মকর্তাদের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

সুনামগঞ্জ:প্রথম ধাপে সুনামগঞ্জের ১০টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়ন দাখিলের শেষ সময়। জেলার ১০ উপজেলায় আওয়ামী লীগের দলীয়, বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেক বিএনপি নেতা মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলায় চেয়ারম্যান পদে মোট ৩৯জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ১টি উপজেলা বাদে ৯ উপজেলাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। সুনামগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহীসহ চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন চারজন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন (বিদ্রোহী), আওয়ামী লীগ নেতা রাশেদ বখত নজরুল (বিদ্রোহী) ও যুবলীগ নেতা অ্যাডভোকেট মনীষ কান্তি দে মিন্টু (বিদ্রোহী)।

পঞ্চগড়:প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিনে পঞ্চগড় জেলার ৫ উপজেলায় চেয়ারম্যান পদে ২৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে আওয়ামী লীগ দলীয় ও আওয়ামী লীগ বিদ্রোহী ১৬ জন, বিএনপির পাঁচজন এবং জাতীয় পার্টির একজন, জাগপার একজন এবং স্বতন্ত্র একজন প্রার্থী নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন।

লালমনিরহাট:আগামী ১০ মার্চ লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলা পরিষদ নির্বাচন। সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে চেয়ারম্যান পদে ১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। লালমনিরহাট সদর উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন। প্রার্থীরা হলেন: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল হক পাটোয়ারী ভোলা, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক ছাত্র নেতা কামরুজ্জামান সুজন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাহিদ হাসান ডাবলু। ভাইস চেয়ারম্যান পদে চারজন। প্রার্থীরা হলেন: জহুরুল হক টিটু, আবু বকর সিদ্দিক, হূদয় চন্দ্র বর্মন, হেলাল হোসেন কবীর। মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন। প্রার্থীরা হলেন মাসুমা ইয়াসমিন ও লতিফা বেগম লাকী।

নেত্রকোনা: প্রথম ধাপে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নেত্রকোনা জেলার ১০টি উপজেলার মধ্যে আটপাড়া বাদে প্রথম ধাপে ৯টি উপজেলায় মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। গত সোমবার এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়। তবে উপজেলা চেয়ারম্যান পদে সব উপজেলাতেই আওয়ামী লীগের নৌকার বিরুদ্ধে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে দলীয় লোকজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আবার এক উপজেলায় বিএনপির সাবেক সভাপতিও মনোনয়নপত্র জমা দিয়েছেন। নেত্রকোন সদর, বারহাট্টা, কলমাকান্দা, দুর্গাপুর, পূর্বধলা, মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী ও কেন্দুয়াসহ ৯টি উপজেলার  চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পুরুষ ও ভাইস চেয়ারম্যান মহিলা পদপ্রার্থীরা উত্সবমুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।  

হবিগঞ্জ:হবিগঞ্জ জেলার ৮ উপজেলায় চেয়ারম্যান পদে ২৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও বিভিন্ন উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তারা মনোনয়নপত্র জমা দেন। সব উপজেলায়ই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এবারের নির্বাচনে বিএনপি আনুষ্ঠানিকভাবে অংশ না নেওয়ায় নির্বাচনের আমেজও খুব একটা জমে উঠছে না। তবে কয়েকটি উপজেলায় বিএনপি নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। হবিগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। লাখাই উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। চুনারুঘাট উপজেলায় চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাহুবল উপজেলায় চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। নবীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজমিরীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বানিয়াচং উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মাধবপুর উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নীলফামারী : নীলফামারীর ছয় উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তিন পদে ৭২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সদরের প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম ও উপজেলা পর্যায়ের প্রার্থীরা স্ব স্ব উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে বিকাল পাঁচটা পর্যন্ত তাদের মনোনয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে ২১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩০ জন ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ২১ জন মনোনয়নপত্র জমা দেন। এদিকে সেখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীও রয়েছে বেশ কয়েকজন।