‘ওটিটিতে কাজের স্বাধীনতা আছে’

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২০:৪৬

প্রতিটি চরিত্রেই নিজেকে ভাঙার পাশাপাশি দর্শকদের কাছেও প্রশংসিত হচ্ছেন অভিনেতা শ্যামল মাওলা। সম্প্রতি একাধিক ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে তার। কাজ করছেন নতুন একটি সিরিজের। নিজের অভিনয় ভাবনা নিয়ে তিনি কথা বললেন ইত্তেফাকের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন এ এম রুবেল

আপনার বর্তমান কাজ নিয়ে জানতে চাই—

সম্প্রতি ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপে ‘টেক্কা’ এবং জি ফাইভে ‘হেরে যাওয়ার গল্প’ শিরোনামের দুটি ওয়েব সিরিজ মুক্তি পেল। এর বাইরে জি ফাইভের ২০ পর্বের একটি সিরিজের কাজ চলছে। এছাড়া বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজের ব্যাপারে কথা চলছে।

ওয়েব সিরিজে ভিন্ন ভিন্ন চরিত্রে আপনার দেখা মিলছে। দর্শক প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন?

আমি শুরু থেকেই মাধ্যমটিতে বেশ প্রশংসা পাচ্ছি। লক্ষ্য করলে দেখবেন আমার প্রতিটি কাজের গল্প-চরিত্রে ভিন্নতা আছে। দর্শকদের কথা মাথায় রেখে ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করছি।

কাজের ক্ষেত্রে কেমন গল্প ও চরিত্রকে প্রাধান্য দিচ্ছেন?

প্রতিদিনই নতুন নতুন গল্পে অভিনয়ের প্রস্তাব পাই। ভালো চরিত্রে অভিনয় করার সুযোগ রয়েছে এমন প্রস্তাবে রাজি হচ্ছি। আসলে গতানুগতিক চরিত্রে কাজ করতে চাই না। অভিনেতা হিসেবে নিজেকে মেলে ধরার সুযোগ খুঁজি আমি। গ্ল্যামারের চেয়ে অভিনয়ের প্রতি সবসময়ই আমার মনোযোগ বেশি থাকে।

মাধ্যমটিতে কাজের স্বাধীনতা কেমন পাচ্ছেন?

ওটিটিতে কাজের স্বাধীনতা আছে। প্রথম থেকেই নির্মাতা-শিল্পী অনেকটা স্বাধীনভাবে বা নিজের মতো করে মাধ্যমটিতে কাজ করছেন। আসলে এখানে নিজের মতো করে গল্প বলার একটা সুযোগ রয়েছে। ধীরে ধীরে আগের নির্ধারিত ফর্মেটের পরিবর্তন হচ্ছে। 

এরইমধ্যে বেশকিছু ওয়েব সিরিজ প্রশংসিত হয়েছে। মাধ্যমটি নাটকের মতো জনপ্রিয়তা অর্জন করতে পারবে কি-না?

এখন পর্যন্ত যে ধরনের গল্পে কাজ হয়েছে বা হচ্ছে সেগুলো কিন্তু দর্শকরা ভালোভাবেই গ্রহণ করেছেন এবং কাজগুলো দারুণ প্রশংসিত হয়েছে। আমার মনে হয়, যদি আমরা মান ঠিক রেখে কাজ করতে পারি তাহলে নিশ্চয় জনপ্রিয়তা পাবে।

ওটিটি আসায় গল্পনির্ভর কাজে সবাই মনোযোগী হচ্ছেন। এটাকে দর্শক চাহিদা, নাকি প্রেক্ষাপট পরিবর্তন বলবেন?

আমার মনে হয়, দর্শক চাহিদা এবং পেক্ষাপট দুটোই পরিবর্তিত হচ্ছে। আসলে এখন মানুষ বাস্তব গল্পগুলো বেশি দেখতে চাচ্ছে। কে অভিনয় করছে সেটা তাদের কাছে মুখ্য না।

দেশীয় প্লাটফর্মগুলোর জায়গা তৈরি করতে না পারার কারণ হিসেবে কী বলবেন?

দেখুন, এই বিষয়টি তো আমরা সবাই জানি! ছোট বাজারের সঙ্গে তো বড় বাজারের তুলনা করলে হবে না। বাইরের দেশের মতো আমাদের মার্কেট হলে তুলনা করা যেত। তবে আমাদের মার্কেট বড় হলে সব সমস্যা একসঙ্গে মিটে যাবে।

আপনি চলচ্চিত্রেও কাজ করছেন। এই মাধ্যমটি নিয়ে আপনার পরিকল্পনা কী?

প্রত্যেক অভিনেতারই রূপালি পর্দায় কাজের স্বপ্ন থাকে। আমিও এর বাইরে নই। এরইমধ্যে বড়পর্দায় আমার অভিষেক হয়েছে এবং দর্শকরা সাদরে গ্রহণও করেছেন। বেশ কয়েকটি গল্প নিয়ে আলোচনা চলছেন। অভিনয়ের সুযোগ আছে এমন গল্প-চরিত্র পেলে নিশ্চয় চলচ্চিত্রে কাজ করব।