ইত্তেফাক ডেস্ক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিলি, বাংলাবান্ধা ও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে টানা ছয় দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকছে।
তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা ছয় দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এ বন্দর দিয়ে ১১ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত (সরকারি ছুটিসহ) মোট ছয় দিন আমদানি-রপ্তানি ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৭ অক্টোবর থেকে দুই দেশের মধ্যে পুনরায় ব্যবসায়ী কার্যক্রম যথারীতি চলবে।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, দুর্গাপূজায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি ছয় দিনের জন্য বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটিসহ সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত এ বন্দরের সব ব্যাবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৭ অক্টোবর থেকে যথারীতি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। সোনামসজিদ স্থলবন্দরের সহকারী কাস্টমস কমিশনার (শুল্ক) মো. মমিনুল ইসলাম জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরের অন্য কার্যক্রম স্বাভাবিক থাকবে।
হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা জানান, ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোরব পর্যন্ত একটানা ছয় দিন বন্ধ থাকছে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। দিনাজপুরের হিলি স্থলবন্দরের কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ধিরাজ অধিকারী আমাদের জানিয়েছেন, দুর্গাপূজায় সোমবার থেকে ১৬ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৭ অক্টাবর থেকে যথারীতি বন্দর দিয়ে বন্দরের সব কার্যক্রম শুরু হবে।
