পাঁচ দালাল আটক
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের টেকনাফে বিজিবি জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে ৬ জন রোহিঙ্গা নাগরিক উদ্ধার এবং নৌকাসহ সন্দেহভাজন ৫ জন দালালকে আটক করেছে।
জানা যায়, মঙ্গলবার ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের খুরেরমুখ অস্থায়ী চেকপোস্টের একটি টহল দল এবং ব্যাটালিয়ন সদরের একটি টহল দল মহেশখালীয়া পাড়া ও মাঠ পাড়ায় পৃথক অভিযানে বের হয়। মহেশখালীয়া পাড়া ঘাটে নৌকায় উঠার সময় বিজিবি জওয়ানেরা ঘেরাও করে ১ জন দালাল ও ৪ জন পুরুষ রোহিঙ্গাকে নৌকাসহ জব্দ করে মাঝিকে আটক করে। অপর টহল দল মাঠপাড়ায় অভিযান চালিয়ে মোঃ মুন্নার বাড়িতে অভিযান চালিয়ে মুন্নাসহ ৩ জন দালাল ও ২ জন মহিলা রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।
মানব পাচারে সংশ্লিষ্ট দালালেরা হচ্ছে—টেকনাফ সদরের মহেশখালীয়া পাড়ার মোঃ মনির, মোঃ নুরুল আবছার, শাহপরীর দ্বীপ মিস্ত্রী পাড়ার মোঃ ইউনুস, দক্ষিণ পাড়ার মোঃ আমিন, মাঠ পাড়ার মোঃ মুন্না।
আটক মানব পাচারকারী দালালদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ শেষে টেকনাফ থানায় হস্তান্তর এবং আটক রোহিঙ্গাদের স্ব-স্ব ক্যাম্পে প্রেরণ করা হয়েছে।
