সংবাদ সংক্ষেপ

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২১:১৭

চাঁদপুরে কারেন্ট জালসহ ১০ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি মা-ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদীতে ইলিশ ধরার সময় ১০ জেলেকে আটক করেছে চাঁদপুর নৌ থানাপুলিশ। শনিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মেঘনা নদীর মোহনা ও আশ-পাশের এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় ১১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও মাছ ধরার চারটি নৌকা জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম বলেন, আটক জেলেদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জেল-জরিমানা করা হয়েছে।

মেহেরপুরে শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা

মেহেরপুর প্রতিনিধি মেহেরপুর সদর উপজেলায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। শনিবার সন্ধ্যায় মেয়েটির বাবা বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সদর উপজেলার বারাদি শিমুলতলা গ্রামের বাসিন্দা দৌলত হোসেনকে (৬৫) আসামি করা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শাহ দারা খান জানান, মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা বিশ্ব জুড়ে সাইবার সিকিউরিটি সচেতনতা মাস হিসেবে পালিত হচ্ছে ‘অক্টোবর’। এ উপলক্ষ্যে দেশব্যাপি পাঁচটি বিভাগের ৩৫টি স্কুল ও কলেজে সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে সরকারের তথ্য ও প্রযুক্তি (আইসিটি) বিভাগ। এরই অংশ হিসেবে রবিবার সকালে জুড়ীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ জন ছাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা মো. খালেদ হোসেন চৌধুরী, সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরান প্রমুখ।

কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা দেবীগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তর রবিবার উপজেলার ২৫০ জন প্রান্তিক কৃষকের মধ্যে উন্নত জাতের পেঁয়াজের বীজ ও সার বিতরণ করেছে। উপজেলা কৃষি অফিসার সাফিয়ার রহমান কৃষি অফিস চত্বরে প্রত্যেক কৃষককে এক কেজি করে পেঁয়াজের বীজ ও সমপরিমাণ সার বিতরণ করেন।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

পাবনা প্রতিনিধি পাবনায় রবিবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে পাবনা মানসিক হাসপাতালের উদ্যোগে র্যালি ও আলোচলাসভা অনুষ্ঠিত হয়। হাসপাতাল চত্বরে সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন পাবনা মানসিক হাসপাতালের পরিচালক ডা. আবুল বাশার মোহাম্মাদ আসাদুজ্জামান, তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার রায় প্রমুখ। 

খারঘর গণহত্যা দিবস পালিত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নবীনগরে খারঘর গণহত্যা দিবস পালিত হয়েছে রবিবার। দিবসটি পালনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বড়াইল ইউনিয়নে খারঘর গ্রামে পাগলা নদীর তীরে ‘৭১ স্মৃতিস্তম্ভে’ গার্ড অব অনার প্রদর্শন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহিদদের স্মরণে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ৭১ সালের ঐদিন ৪৩ জন মুক্তিযোদ্ধা ও নিরীহ গ্রামবাসী শহিদ হন।

করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সহায়তা

বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বালিয়াকান্দিতে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে রবিবার মুরগির ঘর ও খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ত্রাণ তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ

মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী দিনে রবিবার শিশু প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। শিশু একাডেমি মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সী। বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

 

 

০