বিশেষ প্রতিনিধি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অস্ত্র ও হেরোইনসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব-১০। শনিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে মো. শাওন উদ্দিন (২৭) ও মো. সাইদুর রহমান (১৯)। গতকাল রবিবার র্যাব-১০-এর সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর ওবায়েদুর রহমান জানান, শনিবার রাত ১টা ১৫ মিনিট থেকে রাত ২টা ২০ মিনিট পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ওয়ান শুটার গান, তিনটি গুলি, ৩২২ গ্রাম হেরোইন যার আনুমানিক মূল্য ৩২ লাখ ২০ হাজার টাকা, একটি সুইচগিয়ার চাকু ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা পেশাদার সন্ত্রাসী ও মাদক কারবারি। তারা ঢাকা-মাওয়া হাইওয়ে ও কেরানীগঞ্জসহ আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসাসহ সন্ত্রাসী কাজ করত। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।
