গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর বাসন সড়ক ও ভোগড়া এলাকায় দুটি পোশাক কারখানা লে-অফ ঘোষণার প্রতিবাদে এবং বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। ইন্টারলিংক অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকেরা জানান, রবিবার সকালে কারখানায় কাজে যোগ দিতে এলে প্রধান ফটকে কারখানাটির লে-অফ নোটিশ দেখতে পান। গভীর রাত পর্যন্ত তারা কারখানায় কাজ করেছেন, কিন্তু শ্রমিকদের কিছু না জানিয়েই কর্তৃপক্ষ কারখানাটি লে-অফ ঘোষণা করে। রবিবার তাদের গত সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধের কথা ছিল। লে-অফের নোটিশ দেখে কারখানার সহস্রাধিক শ্রমিক উত্তেজিত হয়ে উঠেন এবং কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এদিকে ভোগড়া চৌধুরীবাড়ি এলাকায় একই মালিকানাধীন অপর একটি কারখানার শ্রমিকেরাও তাদের কারখানার প্রধান ফটকে কারখানা লে-অফ ঘোষণার নোটিশ দেখতে পেয়ে একই মহাসড়ক অবরোধ করে রাখেন। ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর ১টার দিকে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
