সড়কে রিকশা তৈরির কারখানা!

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২১:৪৭

কুমিল্লা মহানগরীর পুরাতন বজ্রপুর এলাকায় সড়ক দখল করে রিকশা তৈরি হচ্ছে! এতে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট। নগরীর অন্যতম ব্যস্ত এলাকা চকবাজার। এর দক্ষিণ পাশজুড়েই বজ্রপুর সড়কটি। চকবাজারের পূর্বদিকে চট্টগ্রামগামী সড়ক, পশ্চিমে রাজগঞ্জ হয়ে নগরীর কেন্দ্রস্থল কান্দিরপাড়, মোগলটুলি, সার্কিট হাউজ, আদালত, জেলখানা রোড, উত্তরে পাইকারি ও খুচরা চকবাজার হয়ে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা এবং দক্ষিণে বজ্রপুর হয়ে এই সড়ক নগরীর দক্ষিণ ও উত্তর চর্থা, নবাববাড়ি, ইপিজেড, সদর হাসপাতাল, সরকারি মহিলা কলেজ, টমসম ব্রিজ পর্যন্ত বিস্তৃত। চকবাজার চৌরাস্তার মোড় থেকেই প্রতিদিন ফেনী আন্তঃজেলা বাস চলাচলসহ জেলার অন্যতম বৃহত্ পাইকারি ও খুচরা ব্যবসা কেন্দ্র এবং একমাত্র স্থলবন্দর বিবিরবাজারে মালবাহী ট্রাক, কাভার্ডভ্যান চলাচল করায় দিনভরই স্থানটিতে যানজট লেগে থাকে। এই রাস্তার ওপরেই রিকশা তৈরির যাবতীয় সরঞ্জাম থাকে। রিকশা তৈরি শেষে এসব রিকশা বিভিন্ন গন্তব্যে ট্রাক বোঝাই করে নিয়ে যাওয়া হয়। এতে প্রতিদিনই এখানে যানজটের কবলে পড়ে চরম দুর্ভোগের পাশাপাশি মূল্যবান সময়ের অপচয় হচ্ছে। এ অবস্থায়, সড়ক দখল করে রিকশা তৈরি বন্ধ হলে স্বাভাবিকভাবে যান চলাচল করতে পারবে, কমবে যানজট ও জনদুর্ভোগ।

মামশাদ কবীর, সিন্দুরিয়াপাড়া, ময়নামতি, কুমিল্লা