আত্মসমর্পণ করে মাদক মামলায় ফের জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি। গতকাল রবিবার ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার আসামির জামিন মঞ্জুরের আদেশ দেন। একই সঙ্গে পরীমনিসহ তিন আসামির বিরুদ্ধে দাখিলকৃত চার্জশিট গ্রহণ করেছে আদালত। পাশাপাশি মামলাটি বিচারের জন্য বদলির আদেশ দেওয়া হয়।
এদিকে যথাসময়ে আদালতে হাজির না হওয়ায় পরীমনির সমালোচনা করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তারা বলেছেন, যখন খুশি তখন আদালতে আসলাম। এটা মামাবাড়ির আবদার না। আদালতের প্রতি অসম্মান দেখিয়েছেন এ আসামি। শুনানিতে জামিনের বিরোধিতা করে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের ব্যাপারে বলেন, আমরা দুপুর সাড়ে ১২টায় আদালতে আসছি। তখনো আসামি আসেননি। আইনের চোখে সবাই সমান। সবাইকে আদালতের প্রতি সম্মান দেখাতে হবে। কিন্তু পরীমনি তা দেখাননি। তিনি সময়মতো আদালতে হাজির হননি।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, এ মামলায় পরীমনির বিরুদ্ধে চার্জশিট দাখিল হওয়া পর্যন্ত জামিনে ছিলেন। চার্জশিট এসে গেছে। আমরা এখন তার জামিন প্রার্থনা করছি। তিনি বলেন, তিনি একজন চলচ্চিত্র অভিনেত্রী। অনেকগুলো সিনেমার কাজে চুক্তিবদ্ধ হয়েছেন। শুটিংয়ে অংশ নিয়েছেন। এর আগে তিনি মামলায় জামিন পান। জামিনের কোনো শর্ত ভঙ্গ করেননি। এবারও আমরা জামিনের শর্ত ভঙ্গ করব না। ভবিষ্যতে তিনি যথাসময়ে আদালতে হাজির হবেন। এরকম ভুল আর হবে না। শুনানি শেষে আদালত পরীমনির জামিন মঞ্জুর করে।
এদিকে আদালতে হাজিরা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন পরীমনি। অতিরিক্ত গরম ও আদালত কক্ষ জনাকীর্ণ থাকায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে শুনানি শেষে অসুস্থ অবস্থায় গাড়িতে করে নিয়ে যাওয়া হয় তাকে।
প্রসঙ্গত বেলা ১২টার দিকে পরীমনির মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বেলা ১টা পার হলেও পরীমনি আদালতে হাজির হননি। পরে তার আইনজীবী শুনানি পেছানোর আবেদন করেন। আদালত আড়াইটায় শুনানির সময় দেন। কিন্তু তার আগেই পৌনে ২টার দিকে পরীমনি আদালতে হাজির হন।
