স্পোর্টস ডেস্ক
ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী গোলরক্ষক গর্ডন ব্যাংকস ৮১ বছর বয়সে মারা গেছেন। ব্যাংকসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার দলসঙ্গী স্যার ববি চার্লটন, স্যার জিওফ হার্স্ট প্রমুখ। দেশের হয়ে ৭৩ ম্যাচে খেলেন তিনি। লেস্টার সিটি ও স্টোক সিটির খেলোয়াড় ব্যাংকস ছিলেন ইংল্যান্ডের মাটিতে আলফ র্যামসের নেতৃত্বে ১৯৬৬’র বিশ্বকাপ জয়ী দলটির গোলরক্ষক। ফিফারও ছয়বারের বর্ষসেরা গোলদাতা ছিলেন তিনি।
গর্ডন ব্যাংকসকে মনে করা হয় ফুটবলের ইতিহাসে অন্যতম সেরাদের একজন হিসেবে। সে জয়ের চার বছর পর মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে ব্রাজিল কিংবদন্তি পেলের হেড ঠেকিয়ে দিয়ে আরো বিখ্যাত হয়েছিলেন তিনি। অসুস্থতার কারণে তিনি পরে কোয়ার্টার ফাইনালে পশ্চিম জার্মানির বিরুদ্ধে খেলতে পারেননি। ইত্যবসরে জার্মানরা ১৯৬৬’র ফাইনালে হারের প্রতিশোধ নেয় ইংলিশদের বিরুদ্ধে।
ব্যাংকসের ঘরোয়া সাফল্য বলতে ১৯৭২ সালে স্টোকস সিটির হয়ে লিগ কাপ জয়। এটি অবশ্য তিনি এর আট বছর আগে লেস্টারের হয়েও জিতেছিলেন। কিন্তু সে বছরের অক্টোবরে এক কার দুর্ঘটনায় ডান চোখে দেখার ক্ষমতা হারান তিনি। ফলে মাত্র ৩৪ বছরেই ব্যাংকসের বর্ণাঢ্য ইংল্যান্ড ক্যারিয়ারের সমাপ্তি ঘটে। পরে তিনি ১৯৭৭ ও ১৯৭৮ সালে নর্থ আমেরিকান সকার লিগে খেলেন। সেখানে জর্জ বেস্ট, পেলে ও কার্লোস আলবার্তোর মতো খেলোয়াড়দের সাথে নতুন করে তার নাম ছড়ায়।
