স্পোর্টস রিপোর্টার
প্রথমবারের মতো বাংলাদেশে হতে যাওয়া বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক ফুটবল বহির্বিশ্বেও সম্প্রচার হবে। আগামী এপ্রিলে অনুষ্ঠিত হবে ছয় দেশের এই টুর্নামেন্টের খেলাগুলো।
গতকাল বাফুফে ভবনে এ ব্যাপারে আরটিভি ও টুর্নামেন্টের স্বত্ব কেনা প্রতিষ্ঠান কে-স্পোর্টসের মধ্যে চুক্তি হয়েছে। চুক্তি স্বাক্ষর করেন আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিকুর রহমান এবং কে-স্পোর্টসের প্রধান নির্বাহী ফাহাদ করিম। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান, বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। সম্প্রচার প্রসঙ্গে আরটিভির সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘শুধু দেশেই নয়। দেশের বাইরেও বঙ্গমাতা আন্তর্জাতিক ফুটবলের খেলা দেখা যাবে। আমরা চেষ্টা করব যত বেশি দেশে খেলাটার সম্প্রচার করা যায়। সবগুলো খেলা সম্প্রচার করব সেই সঙ্গে হাইলাইটসও দেখাব।’
বঙ্গমাতা নারী ফুটবল টুর্নামেন্টের জন্য একটি ওয়েব সিরিজ তৈরি করা হবে। বিনোদেন জগতের মানুষরা থাকবেন। ‘এগিয়ে যাওয়ায় নেই মানা’ শিরোনামে ওয়েব সিরিজ হবে। সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘৯টি ওয়েব সিরিজ করব আমরা। সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন করব।’ কে স্পোর্টসের ফাহাদ করিম জানিয়েছেন তারা যেভাবে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের সম্প্রচার করেছেন তেমনই বঙ্গমাতা ফুটবলের সম্প্রচারেও মান বজায় রাখবেন।
আগামী ২৩ এপ্রিল থেকে ৩ মে ঢাকায় অনুষ্ঠিত হবে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক নারী ফুটবল। বাফুফে জানিয়েছে এরই মধ্যে চার দেশ অংশগ্রহণ প্রায় নিশ্চিত করেছে। আরব আমিরাত নিশ্চিত করলেও লাওস এবং তাজিকিস্তান মৌখিক ভাবে বাফুফেকে জানিয়েছে।
বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন বলেন, ‘আমরা প্রথমবার এধরনের টুর্নামেন্ট আয়োজন করছি। এখানকার ফুটবল দুনিয়া অনূর্ধ্ব-১৯ মহিলা টুর্নামেন্ট আয়োজন করার কেউ সাহসও করে না। আমাদের মেয়েরা তিন চার বছর ধারাবাহিকভাবে উন্নতি করে আসছে। এই টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করবে আশা করছি।’
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বঙ্গমাতা সম্পর্কে বলেন, ‘উনি আমাদের একজন মহীয়সী নারী ছিলেন। তার নামে টুর্নামেন্ট হবে। নারীর ক্ষমতায়নে কোনো সরকার যদি কিছু করে থাকে আমাদের এই সরকার করেছে। খেলাধুলার উন্নয়নের কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের সরকার সব সময় খেলাধুলার জন্য কাজ করছে।’
পরিকল্পনা মন্ত্রণালয়ের ফুটবল উন্নয়নে পাশে থাকার সুযোগ আছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমার সরকার সব সময় কাজ করছে। তারপরও যা প্রয়োজন হবে আমাদের সীমাবদ্ধতার মধ্যেও আমরা করব। আমরা প্রস্তাব চাই।’
