আত্মবিশ্বাসী রিয়ালের ‘আয়াক্স পরীক্ষা’

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৬

বড় কিছুতে চোখ টটেনহ্যাম কোচের

স্পোর্টস ডেস্ক

ইউরোপ সেরা রিয়াল মাদ্রিদ আজ রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলয় আয়াক্সের মুখোমুখি হতে যাচ্ছে। প্রতিযোগিতার অন্য ম্যাচে ঘরের মাঠ ওয়েম্বলিতে বরুসিয়া ডর্টমুন্ডকে আতিথ্য দেবে ইংলিশ দল টটেনহ্যাম।

লা লিগায় ভিয়ারিয়ালের সঙ্গে ড্র আর রিয়াল সোসিয়েদাদের কাছে হার দিয়ে নতুন বছর শুরু করলেও মোক্ষম সময়ে এসে হারানো ছন্দ ফিরে পেয়েছে রিয়াল মাদ্রিদ। শেষ সাত ম্যাচের একটিতেও হারের মুখ দেখেনি কোচ সান্তিয়াগো সোলারির শিষ্যরা।

এ সময়ে বার্সেলোনার মাঠে কোপা দেল রের শেষ চারের প্রথম লেগে ড্র করে এসেছে তারা, অ্যাটলেটিকোর মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানো থেকে ৩-১ গোলের দারুণ এক জয় নিয়ে ফিরেছে শেষ ম্যাচেই। আত্মবিশ্বাসী শিরোপাধারীরা আজ রাতে মুখোমুখি হতে যাচ্ছে আয়াক্সের, যারা সামপ্রতিক সময়ে চোট ও ছন্দহীনতার সমস্যায় ভুগছে।

চোটের কারণে এই ম্যাচে খেলা নিয়ে সন্দেহ আছে আয়াক্স মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ং ও ডিফেন্ডার নিকোলাস টাগ্লিয়াফিকোর। মূল একাদশের দুইজন খেলোয়াড়কে ছাড়া মাঠে নামতে হলে তা দাচ দলটিকে কিছুটা খর্বশক্তির করে তুলবে। এছাড়াও সাম্প্রতিক সময়ে বাজে ফর্মের সঙ্গেও লড়ছে ডাচ লিগের রেকর্ড চ্যাম্পিয়নরা। শেষ তিন ম্যাচের দু’টিতেই হারের মুখ দেখেছে তারা, এর মধ্যে ফেইনুর্দের হারটি ছিলো ৬-২ গোলের বিশাল ব্যবধানে।

তবে প্রতিপক্ষের এমন অবস্থায়ও তাদেরকে যথেষ্ট সমীহই করলেন রিয়ালের বেলজিয়ান গোলরক্ষক থিবো কর্তোয়া। ইয়োহান ক্রুইফ অ্যারেনায় আয়াক্সের মুখোমুখি হবার আগে উন্মুক্ত একটি লড়াইয়ের আশা করে তিনি বলেন, ‘আয়াক্স কঠিন প্রতিপক্ষ, কিন্তু আশা করছি আমরা উত্তীর্ণ হতে পারবো। এটা একটা উন্মুক্ত লড়াই হতে যাচ্ছে। আমরা দু’টি দারুণ খেলা দেখতে যাচ্ছি কেননা তারা ভালো ফুটবল খেলতে ভালোবাসে আর তারা তাদের অর্ধে থেকে রক্ষণের কৌশলে খেলবে না। আমাদেরকে মনোযোগী হতে হবে, রক্ষণে ভালো করতে হবে এবং সুযোগ আসতেই তাদের আঘাত করতে হবে।’

এদিকে কারাবাও কাপের পর এফএ কাপ থেকেও বিদায় নেয়ার ফলে টটেনহ্যাম হটস্পার কেবল প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগেই টিকে আছে। লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা সিটির চেয়ে পাঁচ পয়েন্টে পিছিয়ে থাকলেও দলটির কোচ মরিসিও পচেত্তিনো বিশ্বাস করেন দলটির হয়ে তার প্রথম শিরোপা জেতার সম্ভাবনা আছে চ্যাম্পিয়ন্স লিগেই। জার্মান দলটির মুখোমুখি হবার আগে তিনি বলেন, ‘সব ধরনের পরিস্থিতিতেই দল যেভাবে খেলছে তাতে আমরা খুবই গর্বিত। দল যে নৈপুণ্য দেখাচ্ছে, তা অবিশ্বাস্য!’

এমন লড়াই অব্যাহত রেখেই ‘বড় কিছু’ চোখ রাখছেন পচেত্তিনো। আর্জেন্টাইন কোচের ভাষায়, ‘আশা করছি বড় কিছুর জন্য লড়তে আমরা এই অভিমুখে যাত্রা অব্যাহত রাখতে পারবো।’

চোটের কারণে এই ম্যাচে ফরোয়ার্ড হ্যারি কেইন এবং ডেলে আলিকে পাচ্ছে না টটেনহ্যাম। তবে চোট সমস্যা আছে বরুসিয়া শিবিরেও। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে মার্কো রিউসকে পাচ্ছে না তারা। 

সাম্প্রতিক সময়ে কিছুটা চড়াই উত্রাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে স্পার্সদের ফর্মও। তবে গেল মাসের শেষে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে হারের পর ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছে পচেত্তিনোর শিষ্যরা। শেষ ম্যাচে লেস্টার সিটির সঙ্গে ৩-১ গোলে জয়ের ছন্দ এ ম্যাচেও ধরে রেখে বরুসিয়াকে হারের বিস্বাদ দেয়াই নিশ্চিতভাবে লক্ষ্য থাকবে টটেনহ্যামের। 

আজকের খেলা

আয়াক্স-রিয়াল মাদ্রিদ

টটেনহ্যাম-বরুসিয়া ডর্টমুন্ড