আমিনুল ইসলাম হিরু, সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা
সারিয়াকান্দি-মাদারগঞ্জ নৌ-রুটে চলাচলকারী সি-ট্রাকের হুইল বিকল হওয়ায় যাত্রীদের নদী পারাপার আবার বন্ধ হয়ে গেছে। গত ২২ সেপ্টেম্বর জামথল ঘাট থেকে সারিয়াকান্দির কালিতলা ঘাটে ছেড়ে আসার পথে মাঝ নদীতে সি-ট্রাকের হুইল বিকল হওয়ায় এ সমস্যা দেখা দেয়। হুইল মেরামত করা সম্ভবপর না হওয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। সি-ট্রাক চলাচল বন্ধ থাকায় নদী পারাপারে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ব্যাপক উত্সবমুখর পরিবেশে সারিয়াকান্দি-মাদারগঞ্জ নৌ-রুটে যমুনায় সি-ট্রাক সার্ভিস চালু করা হয়। গত ১২ আগস্ট নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এই সার্ভিসের উদ্বোধন করেন। উদ্বোধনের কয়েক দিনের মাথায় সি-ট্রাক শহিদ আব্দুর রব সেরনিয়াবাতের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। ফলে কিছুদিন সি-ট্রাক চলাচল বন্ধ ছিল। পরে ঢাকা থেকে প্রকৌশলী এনে ইঞ্জিন মেরামত করে সি-ট্রাক পুনরায় চালু করা হয়। কিন্তু কিছুদিন চলাচল করার পর যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় আবার গত ২২ সেপ্টেম্বর থেকে পারাপার বন্ধ রয়েছে। সি-ট্রাক সার্ভিস চালু হওয়ার পর বগুড়া, জামালপুর জেলা ছাড়াও অন্যান্য জেলার লোকজনও এ নৌ-রুটে আগ্রহ নিয়ে যমুনা নদী পারাপার হতে থাকে।
এ ব্যাপারে সি-ট্রাকের মাস্টার নুর হোসেন সুমন জানান, গত ২২ সেপ্টেম্বর জামথল ঘাট হতে সারিয়াকান্দির কালিতলা ঘাটে আসার পথে মাঝ নদীতে সি-ট্রাকের হুইল অকেজো হয়ে পড়ে। কোনোমতে কালিতলা ঘাটে এসে যাত্রী নামিয়ে আবার মাদারগঞ্জ ঘাটে নিয়ে যাওয়া হয়। সি-ট্রাকের ত্রুটির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃৃপক্ষকে জানানো হয়েছে। এখন পর্যন্ত যান্ত্রিক ত্রুটি মেরামত করা সম্ভব হয়নি। যান্ত্রিক ত্রুটি সারানো গেলেই আবার এ নৌ-রুটে সি-ট্রাকটি চলাচল করবে। নদীর নাব্যতা সংকটের কারণে সি-ট্রাক আপাতত জামথল ঘাটের ভাটিতে ডাকাতমারা ঘাটের নিকট গভীর পানিতে নোঙর করে রাখা হয়েছে। এখান থেকে লোকালয় অনেক দূরে হওয়ায় সি-ট্রাকের ৯জন স্টাফ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
