মোনেম মুন্নাকে স্মরণ করল বাফুফে

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৭

স্পোর্টস রিপোর্টার

গতকাল ছিল প্রয়াত ফুটবলার মোনেম মুন্নার ১৪তম মৃত্যুবার্ষিকী। দীর্ঘদিন কিডনি রোগে ভুগে পরপারে চলে যাওয়া দেশের ফুটবলের এই কিংবদন্তির  মৃত্যুবার্ষিকীতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাফুফে। এতে বলা হয়, তিনি বাংলাদেশের একজন বিখ্যাত ডিফেন্ডার ছিলেন এবং ১৯৮৭ সাল হতে সুনামের সঙ্গে একটানা ১১ বছর আবাহনীর জার্সি গায়ে খেলেছেন। তত্কালীন প্রশিক্ষক কাজী মোঃ সালাহউদ্দিনের অধীনে নিয়মিতভাবে খেলেছেন। জার্মান কোচ অটো ফিষ্টারের প্রশিক্ষণে ১৯৯৫ সালে মিয়ানমারে চারজাতির ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশের অধিনায়ক ছিলেন তিনি। চট্টগ্রামে খেলেছেন মোহামেডানের জার্সি গায়ে।

প্রতিবারের মতো এবারো তাঁকে স্মরণ করেছে নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাব। মুন্নার কবরে পুষ্পস্তবক অর্পণ ছাড়াও বিকালে মিলাদ মাহফিলের আয়োজন করে তারা। ঢাকার মাঠে মুক্তিযোদ্ধা সংসদ, ব্রাদার্স ইউনিয়ন হয়ে আবাহনীর জার্সি গায়ে তোলেন মুন্না। শুধু ঢাকার মাঠেই নয়, ইষ্ট বেঙ্গল ক্লাবের জার্সি গায়ে মুন্না কলকাতার ফুটবল মাতিয়েছিলেন। অথচ দেশের সাবেক ফুটবলাররাই তাকে ভুলে গেছেন। কিন্তু ভুলে যাননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দাঁড়িয়েছেন মুন্নার পরিবারের পাশে।