স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
আজ বুধবার থেকে চট্টগ্রামে মাঠে গড়াচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় টি-টোয়েন্টি ক্রিকেট। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনায়, সৃজনশীল মাসিক পত্রিকা দখিনার পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টে ৬টি দল লিগ ভিত্তিতে খেলবে। এটি পঞ্চম আসর। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে উদ্বোধনী দিনসহ প্রত্যেক দিন খেলা হবে দু’টি করে।
গতকাল মঙ্গলবার জেলা ক্রীড়া সংস্থার মিডিয়া কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের খুঁটিনাটি তুলে ধরেন ক্রিকেট কমিটির সম্পাদক আবদুল হান্নান আকবর। আয়োজক সংস্থার সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, স্পন্সর প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সম্পাদক মুশফিক হোসেন, ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান দিদারুল আলম চৌধুরী, আলী আব্বাস, মিনহাজউদ্দিন, যুগ্ম সম্পাদক জিএম হাসান, শওকত হোসেন, হাসান মুরাদ বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।
