বরিশাল মহানগরীর নথুলাবাদ থেকে রুপাতলি পর্যন্ত সড়ক চার লেন করা হলেও শুধু সাগরদী বাজারের ব্রিজ থেকে শুরু করে সাগরদী মাদরাসার আগ পর্যন্ত সড়ক এখনো এক লেনের। সাগরদী মাদরাসা থেকে রুপাতলি পর্যন্ত দুই পাশে রাস্তার জন্য জায়গা অধিগ্রহণ করা সত্ত্বেও রাস্তা অপ্রশস্ত। পায়রা বন্দর, পায়রা সেতুসহ পুরো দক্ষিণাঞ্চলে বিভিন্ন মেগা প্রজেক্টের কারণে যাত্রীবাহী বাস থেকে শুরু করে সব ধরনের পণ্যবাহী ট্রাক, পিক-আপের চলাচল উল্লেখযোগ্য হারে বেড়েছে। ঐ জায়গাটুকুর সমস্যার কারণে রুপাতলি থেকে আমতলা পার্ক পর্যন্ত প্রায়ই দীর্ঘ সময় যানজট লেগে থাকে। এবং ফলাফলস্বরূপ শেরে বাংলা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের রোগী, স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সব পেশার মানুষ যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে পারে না। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বরিশাল বিভাগীয় কেন্দ্র বরিশাল বিশ্ববিদ্যালয়ে গোপালগঞ্জ থেকে আসা একজন পরীক্ষার্থী সাগরদী থেকে রুপাতলি পর্যন্ত যানজটে আটকে পরীক্ষার হলে নির্ধারিত সময়ে পৌঁছতে ব্যর্থ হয়ে তার প্রবেশপত্র ছেঁড়া ও তার মায়ের অসহায় আর্তনাদ গণমাধ্যমে প্রকাশ পেলে বিষয়টি আবারো সামনে আসে। এ অবস্থায়, সামগ্রিক দিক বিবেচনা করে সাগরদী ব্রিজ থেকে মাদরাসা পর্যন্ত রাস্তার জন্য জমি অধিগ্রহণসহ রুপাতলি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করা সময়ের দাবি। আশা করি বরিশাল সিটি করপোরেশন ও এলজিইডি অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব পর্যায়ের দায়িত্বশীলদের কাছে বিষয়টি গুরুত্ব পাবে।
আবু বকর সিদ্দিক শোয়েব, শিক্ষর্থী, বরিশাল বিশ্ববিদ্যালয়
