বাংলাদেশের প্রস্তুতি
ম্যাচ আজ
স্পোর্টস রিপোর্টার
ওমানে প্রায় এক সপ্তাহের ক্যাম্প হলো। ওমানে প্রস্তুতি পর্ব শেষে মাসকাট থেকে দুবাই হয়ে গত রবিবার রাতে আবুধাবিতেও পৌঁছে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রস্তুতির মূল মঞ্চে এখন টাইগাররা। বাংলাদেশের আইসিসি টি-২০ বিশ্বকাপ মিশন আনুষ্ঠানিকভাবেই শুরু হয়ে গেছে। ইতোমধ্যে আইপিএল মিশন শেষে মুস্তাফিজুর রহমান যোগ দিয়েছেন বাংলাদেশ দলে।
কিন্তু এখনো দলের সঙ্গে যোগ দেননি সাকিব আল হাসান। আইপিএলে ব্যস্ত বাঁহাতি এ অলরাউন্ডার। আইপিএলের জন্য ৭ অক্টোবর পর্যন্ত ছাড়পত্র ছিল তার। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলের এলিমিনেটর খেলতে চান সাকিব। তাই বিসিবির কাছ থেকে ছুটি বাড়িয়ে নিয়েছেন তিনি। কেকেআরের সঙ্গেই আছেন এ অলরাউন্ডার।
এমনকি কেকেআরের আইপিএল মিশন শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ শিবিরে সাকিবকে দেখার সম্ভাবনা কম। গতকাল বিসিবি সূত্রে এমনটাই জানা গেছে।
গতকাল আইপিএলের এলিমিনেটরে কেকেআর হেরে গেলেই টুর্নামেন্ট থেকে বাদ পড়বে। আর ব্যাঙ্গালোরের বিপক্ষে জিতে গেলে দ্বিতীয় কোয়ালিফায়ারে (১৩ অক্টোবর) উঠবে। সূত্র জানায়, ঐ ম্যাচেও খেলতে চান সাকিব।
সেক্ষেত্রে ১৪ অক্টোবরের আগে বাংলাদেশ দলে যোগ দিবেন না বিশ্বসেরা এ অলরাউন্ডার এবং স্পষ্টতই এমনটা হলে আইসিসির নির্ধারিত দুটি প্রস্তুতি ম্যাচে সাকিবকে পাবে না বাংলাদেশ। তবে কেকেআর ফাইনালে (১৫ অক্টোবর) উঠলেও খেলতে পারবেন না সাকিব। কারণ ঐ দিনই প্রথম রাউন্ড খেলতে ওমানে ফিরতে হবে বাংলাদেশ দলকে।
আজ প্রথম ম্যাচে তো তাকে ছাড়া মাহমুদউল্লাহ-মুশফিকদের খেলাটা প্রায় নিশ্চিতই। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আজ শ্রীলঙ্কা। আবুধাবিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
বিশ্বকাপের মঞ্চে নামার আগে ওমানে দুটি টি-২০ খেলেছে শ্রীলঙ্কা। স্বাগতিক ওমানকে দুটি ম্যাচেই হারিয়েছিল লঙ্কানরা। বাংলাদেশ অবশ্য টানা তিন দিন অনুশীলনের পর ওমান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল। টেস্ট খেলুড়ে শীর্ষ ১০ দেশের মধ্যে বাংলাদেশ-শ্রীলঙ্কাই শুধু প্রথম রাউন্ডে খেলছে। মূল লড়াইয়ে যাওয়ার আগে নিজেদের পরখ করার সুযোগও এটি দুই দলের জন্য।
আবুধাবিতে পৌঁছানোর পর পুরো দলের করোনা ভাইরাসের পরীক্ষা হয়েছে। সবাই নেগেটিভ রিপোর্ট পাওয়ায় গতকাল বিকালে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনও করেছে বাংলাদেশ দল। মুস্তাফিজও সতীর্থদের সঙ্গে পুরোদমে অনুশীলন করেছেন। আজ শ্রীলঙ্কা এবং ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে মাহমুদউল্লাহ বাহিনী।
