বাফুফেতে দক্ষিণ সিটির অভিযান

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২১:৫০

স্পোর্টস রিপোর্টার

২০০৪ সাল থেকে বাফুফের হোল্ডিং ট্যাক্স বকেয়া। এ পর্যন্ত বকেয়া হয়েছে দেড় কোটি টাকা। বারবার তাগাদা দেওয়ার পরও ট্যাক্স পরিশোধ না করায় বকেয়া আদায় করতে গতকাল দুপুরে বাফুফেতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম জানিয়েছেন দেড় কোটি টাকার বেশি হোল্ডিং ট্যাক্স বকেয়া ছিল। দুই মাস আগে ১০ লাখ টাকা দেওয়া হয়। তিনি বলেন, ‘আমরা মনে করেছিলাম বাফুফে একটি অলাভজনক প্রতিষ্ঠান। হয়তো হোল্ডিং ট্যাক্স না-ও লাগতে পারে। এটাও ঠিক যে, সরকারি টাকা বকেয়া থাকলে সেটি পরিশোধ করতেই হবে।’

গতকাল দুপুরে ভবনে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনের সঙ্গে সিটি করপোরেশনের কর্মকর্তাদের বৈঠক হয়। বকেয়া পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। আবু নাইম সোহাগ জানিয়েছেন এক সঙ্গে সব বকেয়া পরিশোধ করা যাবে না। আলোচনা  হয়েছে আমরা কয়েক ভাগে ট্যাক্স পরিশোধ করব। তবে বকেয়া থেকে কোনো রেয়াত পাওয়া যায় কি না, সেটা নিয়ে মেয়র সাহেবের সঙ্গে কথা বলব।’ ফিফার অর্থায়নে মতিঝিলে ফুটবল ভবন নির্মিত হয়। ফিফার গোল প্রজেক্টের আওতায় বিভিন্ন দেশকে নিজস্ব অফিস নির্মাণ করে দেয় ফিফা। তবে ফিফার শর্ত ছিল জমি বাফুফের নামে হতে হবে। জাতীয় ক্রীড়া পরিষদ এই জমি বাফুফের নামে দেওয়ার পর ভবন নির্মাণের অর্থ বরাদ্দ করে ফিফা। সোহাগ বললেন, ‘নিয়ম অনুযায়ী সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স বাফুফেরই পরিশোধ করার কথা।’