স্পোর্টস রিপোর্টার
ক্রিকেট, ফুটবল ও ভলিবল নিয়ে ঢাকার উত্তরে প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে মেয়র কাপ। আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হবে এ আসর। তাতে অংশ নিবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫৪টি ওয়ার্ড ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের দল। গতকাল হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র কাপের আনুষ্ঠানিক ঘোষণা দেন ডিনসিসি মেয়র আতিকুল ইসলাম।
ক্রিকেট ইভেন্টের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে থাকছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম ফুটবলে এবং ভলিবল ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি বাবুল ভলিবল ইভেন্টের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে থাকবেন। তাছাড়া মেয়র কাপের প্রচারণায় অংশ নিবেন জামাল ভূঁইয়া, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, আকরাম খান প্রমুখ। আসরের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে সাইফ পাওয়ারটেক।
