বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি অ্যাভিয়েশন ফরওয়ার্ড বেস, চট্টগ্রামের উদ্বোধন এবং দুটি বেল ৪০৭ জিএক্সআই হেলিকপ্টারের অন্তর্ভুক্তি অনুষ্ঠান গতকাল সোমবার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। চট্টগ্রামে ফরোয়ার্ড বেস স্থাপনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে বিমান সহযোগিতা প্রদান পূর্বের চেয়ে সহজ হবে এবং এতে ব্যয় অনেক কমে আসবে।
অনুষ্ঠানে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘সোনার বাংলা’ গড়ে তোলার পাশাপাশি একটি আধুনিক ও যুগোপযোগী সেনাবাহিনী গঠনের স্বপ্ন দেখেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুযোগ্য ও গতিশীল নেতৃত্ব এবং আন্তরিকতায় জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক উদ্যোগের কারণেই শাহ আমানত বিমানবন্দর, চট্টগ্রামে আর্মি অ্যাভিয়েশন ফরওয়ার্ড বেস নির্মাণ এবং অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন দুটি বেল ৪০৭ জিএক্সআই হেলিকপ্টার আর্মি অ্যাভিয়েশন গ্রুপের বহরে অন্তর্ভুক্তি সম্ভব হয়েছে। এই মহতী উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সেনাপ্রধান। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের এই তাত্পর্যবহ বছরে আর্মি অ্যাভিয়েশন বেসের এই উদ্বোধন বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি বিশেষ তাত্পর্যপূর্ণ অধ্যায়।
আর্মি অ্যাভিয়েশন গ্রুপ বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য সেনাবাহিনীর আভিযানিক কার্যক্রমে প্রত্যক্ষভাবে বিমানসহায়তা প্রদান করা।
যুক্তরাষ্ট্রে তৈরি অত্যাধুনিক প্রযুক্তির এই দুটি হেলিকপ্টার নবীন বৈমানিকদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া বিভিন্ন আভিযানিক প্রয়োজন যেমন বিমান থেকে অনুসন্ধান ও পর্যবেক্ষণ এবং স্কাউট হেলিকপ্টার হিসেবেও এই হেলিকপ্টারগুলো ব্যবহার করা যাবে। পাশাপাশি এই হেলিকপ্টারগুলোর মাধ্যমে চিকিত্সাসহায়তা, মিশন পরিচালনা ও সীমিত আকারে জরুরি রসদ সরবরাহ করা সম্ভব। অনুষ্ঠানে ঊর্ধ্বতন সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
