ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ধামরাইয়ের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদের আস্থাভাজন আওয়ামী লীগের নেতা ও ইউপি চেয়ারম্যানদের মধ্যে এক জন বালিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সভাপতি আহাম্মদ হোসেন। তবে এই নেতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় অনেকেই দুঃখ প্রকাশ করেছেন।
এ নিয়ে ধামরাই জুড়ে উঠেছে আলোচনা-সমালোচনার তুফান। আবার অনেকেই বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল গণি সুমনের (বহিষ্কৃৃত) অপকর্মকে এর জন্য দায়ী করে মন্তব্য করেন, ‘গণিই সব খাইছে’। এদিকে ১৫টি ইউনিয়নের মধ্যে ৯টির বর্তমান চেয়ারম্যান আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকের জন্য দলীয় মনোনয়ন পাননি। কী কারণে তারা মনোনয়ন পাননি, তা নিয়েও ধামরাই জুড়ে চলছে ব্যাপক সমালোচনা। এরই পরিপ্রেক্ষিতে মনোনয়ন না পেয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন সোমভাগের চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক আওলাদ হোসেন।
